উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার ৮১টি উপজেলায় ভোট গ্রহণ হবে। এ নির্বাচনে পছন্দের প্রার্থীদের জেতাতে মন্ত্রী-সাংসদদের অনেকে এখন এলাকায় অবস্থান করছেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আজ ভোট হলেও গতকাল শুক্রবার নির্বাচন কমিশনারদের কেউ অফিস করেননি। কমিশনের নির্দেশনা না থাকায় আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
প্রথম ধাপে নির্বাচন সুষ্ঠু হলেও দ্বিতীয় ধাপে সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা বেড়ে যায়। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের কেউ কেউ তৃতীয় ধাপেও সহিংসতা ও ভোট জালিয়াতির আশঙ্কা করছেন।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক গত রোববার প্রথম আলোকে বলেছিলেন, প্রার্থী-সমর্থকেরা অসহিষ্ণু হয়ে উঠেছেন। ফলে তৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল রেলমন্ত্রী মুজিবুল হক উপজেলার কনকাপৈত ইউনিয়নের একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচন উপলক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও গতকাল কুমিল্লা শহরে অবস্থান করেছিলেন।
স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) নির্বাচনী আইনের আচরণবিধি অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমপদমর্যাদার কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভোট গ্রহণের দিন ভোট দিতে পারবেন।
বরিশাল থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল নিজ এলাকা বরিশালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল থেকে রাজশাহীতে অবস্থান করছেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ তাঁর নির্বাচনী এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করেন।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, চিফ হুইপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কমিশনের নজরে এসেছে। রেলমন্ত্রীও যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকেন, সে ক্ষেত্রে আজকের কমিশনের সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
তফসিল অনুযায়ী, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোট দেবেন। চেয়ারম্যান পদে ৪১৯, ভাইস চেয়ারম্যান পদে ৪২৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার এক কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩। নারী ভোটার ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ এবং পুরুষ ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা পাঁচ হাজার ৪৪৪।
প্রথম আলোর প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, ৫০টি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে। এতে মোট প্রার্থী ১৪৫ জন। এর মধ্যে মাত্র ১৯টি উপজেলায় তাদের প্রার্থীর সংখ্যা ৭১। অন্যদিকে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে ৩৪টি উপজেলায়। এতে মোট প্রার্থীর সংখ্যা ৮৯। এর মধ্যে ১২টি উপজেলায় প্রার্থীর সংখ্যা ৪৫।
উপজেলা নির্বাচনের খারাপ ফলের জন্য আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের দায়ী করেছে। এবারও তারা একই আশঙ্কা করছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে এক প্লাটুন সেনাসদস্য টহল দেবেন। এ ছাড়া নিয়মিত বাহিনী হিসেবে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার থাকবে।