৮১ উপজেলায় ভোট গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার ৮১টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোট দেবেন।

চেয়ারম্যান পদে ৪১৯, ভাইস চেয়ারম্যান পদে ৪২৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার এক কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩। নারী ভোটার ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ এবং পুরুষ ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২ জন। ভোটকেন্দ্রের সংখ্যা পাঁচ হাজার ৪৪৪।

প্রথম আলোর প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, ৫০টি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে। এতে মোট প্রার্থী ১৪৫ জন। এর মধ্যে মাত্র ১৯টি উপজেলায় তাদের প্রার্থীর সংখ্যা ৭১। অন্যদিকে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে ৩৪টি উপজেলায়। এতে মোট প্রার্থীর সংখ্যা ৮৯। এর মধ্যে ১২টি উপজেলায় প্রার্থীর সংখ্যা ৪৫।

প্রথম ধাপে নির্বাচন সুষ্ঠু হলেও দ্বিতীয় ধাপে সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা বেড়ে যায়। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের কেউ কেউ তৃতীয় ধাপেও সহিংসতা ও ভোট জালিয়াতির আশঙ্কা করছেন।

কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে এক প্লাটুন সেনাসদস্য টহল দিচ্ছেন। এ ছাড়া নিয়মিত বাহিনী হিসেবে আছে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার।