জামালপুর শহরে কেনাকাটা করতে এসে দোকানের মালিক ও কার্মচারীদের হাতে দুই বিচারকের লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বুধবার রাতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কার্যালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলেন, শহরের মুসলিমাবাদ এলাকার আমিনুল ইসলাম (২৮) ও কাচারিপাড়া এলাকার মিন্টু মিয়া (২৬)। তাঁরা সিঙ্গাপুর লেদার হাউসের কর্মচারী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় জামালপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ এ বি এম গোলাম রসুল ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াহেদুজ্জামান শহরের মিতালী মার্কেটে কেনাকাটা করতে আসেন। মার্কেটের সিঙ্গাপুর লেদার হাউসে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন দোকানের মালিক মোতাহার হোসেন। একপর্যায়ে মোতাহার হোসেন ও তাঁর কর্মচারীরা দুই বিচারককে লাঞ্ছিত ও মারধর করেন। পুলিশ এলে মালিক মোতাহারসহ অন্যরা পালাতে পারলেও দুই কর্মচারী আমিনুল ও মিন্টু গ্রেপ্তার হন। এ ঘটনায় ১৭ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৬৪ জনকে আসামি করে মামলা করেন। এসআই রফিকুল ইসলাম বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।