নগরের জহুর হকার্স মার্কেটের ৮১টি দোকানের কর্তৃত্ব সিটি করপোরেশনের থাকবে, নাকি সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কাছে যাবে, তা নিয়ে গতকাল রোববার দুপুরে করপোরেশনের কাউন্সিলররা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। মাসিক সাধারণ সভা চলাকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, নগরের জহুর হকার্স মার্কেটে সিটি করপোরেশনের মালিকানাধীন ৮০১টি দোকান আছে। এর বাইরে আরও ৮১টি দোকান সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দখলে রয়েছে। এক মাস আগে অনুষ্ঠিত সিটি করপোরেশনের সাধারণ সভায় এসব দোকান দখলে নিয়ে ভাড়া আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানার পর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ২০ সেপ্টেম্বর বর্তমান মেয়র বরাবর একটি চিঠি লেখেন। তাতে তিনি উল্লেখ করেন, ওই ৮১টি দোকানের জায়গা খাস খতিয়ানভুক্ত। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ জায়গার দখল নিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কাজেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসার আগে যেন সিটি করপোরেশন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয়। গতকাল এ বিষয়টি জানার পর বিএনপি-সমর্থক বেশির ভাগ কাউন্সিলর এবং আওয়ামী লীগের একাংশ এর বিরোধিতা করেন। বিএনপি-সমর্থক কাউন্সিলরেরা অবিলম্বে এ জায়গা দখলের দাবি জানিয়ে বলেন, গত সাধারণ সভাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ যুক্তির পক্ষে বক্তব্য দেন কাউন্সিলর ইসমাইল হোসেন, নিয়াজ মোহাম্মদ খান, মনোয়ারা বেগম প্রমুখ। তাঁদের পক্ষে আওয়ামী লীগের কাউন্সিলর গিয়াস উদ্দিনও অবস্থান নেন। তবে বিপক্ষে অবস্থান নেন জহরলাল হাজারী ও মোরশেদ আখতার চৌধুরী। একপর্যায়ে সভায় হইচই শুরু হয় বলে উপস্থিত একাধিক কাউন্সিলর জানান।তখন মেয়র মোহাম্মদ মন্জুর আলম আলোচনায় হস্তক্ষেপ করে বলেন, ‘যেহেতু মহিউদ্দিন চৌধুরী মন্ত্রণালয়ে আবেদন করেছেন, সে জন্য আমরা আগামী দুই মাস অপেক্ষা করব।’ তিনি বলেন, খাস জায়গার মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক। তিনি যাঁকে খুশি ওই জায়গা দেওয়ার সুপারিশ করতে পারেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়র দুই মাস অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়ার পর সাধারণ সভায় উপস্থিত সবাই তা মেনে নেন।