* ১৬ বছরে ২৬৯ হত্যা মামলা নিষ্পত্তি * ২১৮টিতে আসামিরা খালাস, ৫১টিতে সাজা * সাক্ষীর অভাবে প্রমাণিত হচ্ছে না মামলা * আপিলও করেনি রাষ্ট্রপক্ষ
ঢাকা মহানগরের ছয়টি দায়রা আদালতে গত ১৬ বছরে নিষ্পত্তি হওয়া হত্যা মামলাগুলোর মধ্যে ৮১ শতাংশ মামলাতেই আসামিরা খালাস পেয়েছেন।
ঢাকার জননিরাপত্তা ট্রাইব্যুনাল ও পাঁচটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচার নিষ্পত্তিসংক্রান্ত নিবন্ধন খাতার তথ্য পর্যালোচনা করে এ হিসাব পাওয়া গেছে। এতে দেখা যায়, ১৯৯৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট ২৬৯টি হত্যা মামলার বিচারকাজ নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে কেবল ৫১টি মামলায় আসামিদের সাজা হয়েছে। বাকি ২১৮টিতে আসামিরা খালাস পেয়েছেন। শতকরা হিসাবে খালাসের হার ৮১ দশমিক ০৪ ভাগ। এসব খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিলও করেনি রাষ্ট্রপক্ষ বা সরকারি কৌঁসুলিরা।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীর অভাবে আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকে না। সাক্ষীরা না এলে আমাদের কী করার আছে।’
হত্যা মামলায় আসামিদের খালাস পাওয়ার কথা জানিয়ে আপিল না করার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘নিয়মানুযায়ী যেসব মামলায় আসামি খালাস হয়, সেগুলো আপিল করার জন্য সলিসিটর অফিসে পাঠানোর কথা। তারপর সলিসিটর অফিস অ্যাটর্নি জেনারেলের মতামত নেয়। আমার মনে হয়, এসব মামলার ব্যাপারে প্রসেস হচ্ছে। আমি বিষয়টি খতিয়ে দেখব।’
বিচার-সংশ্লিষ্টদের মতে, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের দায়িত্ব সরকারি কৌঁসুলিদের। কিন্তু তাঁরা ঢাকার ছয়টি আদালতে ৮১ শতাংশ হত্যা মামলা প্রমাণে কেন ব্যর্থ হলেন, এ নিয়ে ছয় আদালতের দায়িত্বে থাকা ছয় সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার, মাকসুদুর রহমান, আসাদুজ্জামান, মো. বশির, মহিউদ্দিন দেওয়ান ও আনোয়ার সাহাদাতের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, অধিকাংশ সাক্ষী আদালতে আসেন না বা তাঁদের খুঁজে পাওয়া যায় না। যাঁরা আসেন, তাঁদের অনেকে সঠিক সাক্ষ্য দেন না। আবার কোনো কোনো মামলায় তদন্ত কর্মকর্তাসহ পুলিশ সাক্ষীও আসেন না। ফলে অভিযোগ প্রমাণিত হয় না।
সংশ্লিষ্ট আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে ছয়টি আদালতের মধ্যে প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত ৮৫টি, দ্বিতীয় দায়রা জজ আদালত ৮৪টি, তৃতীয় দায়রা জজ আদালত ১৫টি, চতুর্থ দায়রা জজ আদালত ২৪টি, পঞ্চম দায়রা জজ আদালত ২৭টি ও জননিরাপত্তা ট্রাইব্যুনাল ৩৪টি হত্যা মামলা নিষ্পত্তি করেন। এর মধ্যে প্রথম অতিরিক্ত দায়রা আদালত ১৪টি, দ্বিতীয় আদালত ১১টি, তৃতীয় আদালত ছয়টি, চতুর্থ আদালত পাঁচটি, পঞ্চম আদালত নয়টি ও জননিরাপত্তা ট্রাইব্যুনাল ছয়টি হত্যা মামলার আসামিকে সাজা দেন। এসব মামলার রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন। আপিলে পরবর্তী সময়ে কেউ কেউ অব্যাহতি পেয়েছেন।
খালাসের নমুনা: খালাস দেওয়া মামলাগুলোর মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ৪০টি মামলার নথি পড়ে দেখা গেছে, এসব মামলা প্রমাণিত না হওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে দায়ী করেছেন আদালত। এর মধ্যে দুটি মামলার উদাহরণ এখানে দেওয়া হলো।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের মামলা নম্বর ১১৯০/১৯৯৯। গুলশান থানায় ১৯৯৪ সালের নভেম্বরে দায়ের হওয়া এ হত্যা মামলার আসামিরা হলেন ওই সময়ে ঢাকার দুর্ধর্ষ চার সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ, সৈয়দ মো. আহসানুজ্জামান ওরফে প্যারিস, বগা লিটন ও জাহিদুল ইসলাম ওরফে মানিক। বাদী কোহিনুর বেগম এজাহারে অভিযোগ করেন, তাঁর ছেলে কামরুল ইসলামকে ১৯৯৪ সালের ৫ নভেম্বর রাত ১১টায় গুলশান ২ নম্বরে আসামি প্যারিস, বগা লিটন, মানিক ও জোসেফ গুলি করে হত্যা করেন।
কোহিনুর বেগম ও ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁর ছেলের দুই বন্ধু আবু ছায়েদ ওরফে ছাক্কু ও মামুন ওরফে ঝন্টু আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তাঁরা জবানবন্দিতে কখন, কোথায়, কী কারণে, কীভাবে আসামিরা এ হত্যা করেছিলেন, তার পুরো বিবরণ দেন। সিআইডি মামলাটি তদন্ত করে এবং ওই চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাতে ২৪ জনকে সাক্ষী করা হয়। কিন্তু মাত্র পাঁচজনের সাক্ষ্য নিয়ে মামলার সাক্ষ্য কার্যক্রম শেষ করেন আদালত। এই পাঁচজন হলেন কামরুল ইসলামের মা কোহিনুর বেগম, তদন্ত কর্মকর্তা আতাউর রহমান, পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ, ময়নাতদন্তকারী চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী হাকিম আনিসুর রহমান।
আসামিদের খালাস দিয়ে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটির রায় দেন বিচারক আবুল বাসার। রায়ে বলা হয়, ‘সাক্ষ্য পর্যালোচনায় দেখা যায়, এ হত্যার প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই। প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাক্কু ও ঝন্টুকে হাজির করার জন্য বারবার পরোয়ানা জারি করা সত্ত্বেও রাষ্ট্রপক্ষ তাদের হাজির করতে পারে নাই। তাই এ অবস্থায় আলোচনা আর দীর্ঘায়িত না করে বলা যায়, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় নাই। তাই আসামিদের খালাস দেওয়া হলো।’
জননিরাপত্তা ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা মামলার (শাহবাগ থানার মামলা নম্বর ২৯(১১)১০ ও দায়রা নম্বর ১২/১২) এজাহারে বাদী আমির হোসেন অভিযোগ করেন, তাঁর ভাই নিজাম উদ্দিনকে ২০১০ সালের ১১ নভেম্বর রাজধানীর ফুলবাড়িয়ায় আসামি নিয়াজ মোর্শেদ জুম্মান ও খোকন গুলি করে হত্যা করেন। টহল পুলিশ ঘটনাস্থল থেকে জুম্মান ও খোকনকে পিস্তলসহ গ্রেপ্তার করে।
জননিরাপত্তা আদালতের তৎকালীন বিশেষ জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মদ গত বছরের ১৭ এপ্রিল আসামিদের খালাস দিয়ে মামলাটির রায় দেন। রায়ে বলা হয়, ‘রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষীদের কেউ বলেননি, নিজাম উদ্দিনকে আসামি জুম্মন ও খোকন গুলি করে হত্যা করেছে। রাষ্ট্রপক্ষের ১০ নম্বর সাক্ষী মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা জেরায় বলেছেন যে, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে সাক্ষ্য মান্য করেননি তিনি। ১১ নম্বর সাক্ষী হলেন অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তা রেজাউল করিম। তিনি জেরায় বলেন, কোথা থেকে আলামত জব্দ করেছেন তা তাঁর স্মরণে নেই। আরেক সাক্ষী নিহত ব্যক্তির সুরতহাল প্রস্তুতকারী পুলিশের এসআই ইমদাদুল ইসলাম জেরায় বলেছেন, নিহত ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখেননি। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির নাম লেখা হয়েছে সুজন। ব্যালাস্টিক-বিশারদ পুলিশ পরিদর্শক জেরায় বলেছেন, পিস্তল থেকে কখন গুলি বের হয়েছে তা জানতে চাওয়া হয়নি।’
খালাস হওয়া অন্যান্য মামলার চিত্রও কমবেশি একই রকম। বেশির ভাগ মামলায় খালাসের কারণ হিসেবে রাষ্ট্রপক্ষের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে। কারণ, তাঁরা প্রত্যক্ষদর্শী বা গুরুত্বপূর্ণ সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। অনুপস্থিত সাক্ষীদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তারপরও পুলিশ তাঁদের আদালতে হাজির করেনি। অনেক ক্ষেত্রে সাক্ষী হাজির করার জন্য সময় চেয়ে বছরের পর বছর পার করেছে রাষ্ট্রপক্ষ।
এ বিষয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি আবদুল্লাহ আবু বলেন, ‘সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের।’ আর, ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান দাবি করেন, ‘সাক্ষীদের হাজির করতে আদালতের সমন, গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর তা তামিল করা হয়।’
কিন্তু বাস্তবতা হলো সাক্ষীর অভাবে মামলা প্রমাণিত হচ্ছে না। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নজির নেই বলে আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
আপিলও হয় না:
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ক্ষমতা একমাত্র রাষ্ট্রপক্ষ বা সরকারি কৌঁসুলির। খালাসের আদেশ হওয়ার তারিখ থেকে ৬০ দিন অতিক্রমের পর ফরিয়াদি খালাসের আদেশের বিরুদ্ধে কোনো আপিল করলে হাইকোর্ট বিভাগে তা গ্রাহ্য হবে না। এ ছাড়া উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে যে খালাসের বিরুদ্ধে আপিল দাখিল হলেই খালাসপ্রাপ্ত ব্যক্তি আসামি হিসেবে পরিগণিত হবেন (সূত্র: ২৫ ডিএলআর, পৃষ্ঠা-২০৭)।
কিন্তু গত ১৬ বছরে ঢাকা মহানগরে যে ২১৮টি হত্যা মামলায় আসামিরা খালাস পেলেন, তার বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল হয়নি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, মহানগরের ছয়টি আদালতের হত্যা মামলার খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাঁর কার্যালয়ে ঢাকা মহানগরের পিপির কার্যালয় বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো কাগজপত্র পাঠানো হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ আবু বলেন, ‘আমরা হত্যা মামলার খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে কোনো আপিল করিনি। এখন থেকে করব।’
সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিকের মতে, অপরাধীরা যদি এভাবে খালাস পেয়ে যায়, তা দেশ ও সমাজ কারও জন্য ভালো না। অপরাধীরা কেন খালাস হলো, এ জন্য কারা দায়ী, তা চিহ্নিত করে জবাবদিহির প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।