৮১ সদস্যের কমিটিতে ছাত্রত্ব নেই ৬০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের মতো কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটিতেও বাবা-মা, ব্যবসায়ী আছেন। ২০০২ সালের ১৮ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদের ৮১ সদস্যের এই কমিটিতে বর্তমানে ৬০ জনের ছাত্রত্ব নেই। তার পরও নতুন কমিটি হচ্ছে না। ফলে ত্যাগী নেতা-কর্মীরা একদিকে যেমন হতাশ, তেমনি কোন্দলে জড়িয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।জেলা ছাত্রদলের সদস্য মাসুমুল ইসলাম জানান, ছাত্রদলের বর্তমান কমিটি অছাত্র, বিবাহিত, সন্তানের বাবা-মা, ঠিকাদার ব্যবসায়ীতে ভরা। তাঁদের সঙ্গে ছাত্রদের কোনো যোগাযোগ নেই। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। কয়েকজন নেতা জানান, কয়েক বছর আগে বিয়ে করে বাবা-মা হয়েছেন সহসভাপতি কাউসার আলম, মো. ইউনুছ, মো. জুনাইদ, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, যুগ্ম সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুল ইসলাম, স্কুলবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, ছাত্রীবিষয়ক সম্পাদক শারমিন আকতার, সদস্য জালাল উদ্দিন, মিজানুর রহমানসহ অন্তত ২০ জন। ছাত্রত্ব নেই তাঁরাসহ অন্তত ৪৫ জনের। চাকরির সুবাদে রাজনীতি ছেড়ে কয়েক বছর ধরে প্রবাসে অবস্থান করছেন আরও কয়েকজন নেতা। চার বছর আগে এই কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেই।জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল জানান, ২০০৯ সালের ২০ ডিসেম্বর বিএনপি জেলা কমিটির সম্মেলনে সংঘর্ষ ও পাল্টাপাল্টি কমিটি ঘোষণার ফলে ছাত্রদলও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তখন থেকে মূল দলের সঙ্গে ছাত্রদলও পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উজ্জ্বলের নেতৃত্বাধীন ছাত্রদলের একটি অংশ শাহজাহান চৌধুরী-স্বপ্না নেতৃত্বাধীন বিএনপির পক্ষে ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিনের নেতৃত্বাধীন অপর অংশটি কাজল-ফরিদ নেতৃত্বাধীন বিএনপির পক্ষ হয়ে মাঠে নামে। সাধারণ সম্পাদক হাবিব উল্লাহর নেতৃত্বাধীন কিছু নেতা-কর্মী এ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছেন। বিষয়টি স্বীকারও করেছেন হাবিব উল্লাহ।সভাপতি উজ্জ্বল জানান, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর থেকে সারা দেশে কমিটি গঠন শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় কক্সবাজার ছাত্রদলের সম্মেলন হবে। নতুন কমিটির নেতৃত্বে অভিজ্ঞ ছাত্র ও দক্ষ কর্মীদের গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, শিগগিরই নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অপর্ণ করে তিনিও সংসারী হবেন।