৮১৮ ‘পাড়ার মাস্তানের’ ওপর পুলিশের নজরদারি, অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মহানগরের ১০টি থানার পুলিশ ৮১৮ জনের একটি তালিকা তৈরি করেছে। এদের কারও কারও বিরুদ্ধে থানায় মামলা থাকলেও অনেকের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। পুলিশের কাছে এরা গলি ও পাড়ার মাস্তান হিসেবে পরিচিত। এলাকায় প্রভাব সৃষ্টি, মাস্তানি ও ঝগড়াঝাঁটির সঙ্গে এদের সম্পৃক্ততার অভিযোগ আছে। পুলিশ আশঙ্কা করছে, এরা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোনো না কোনো প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে গিয়ে গোলযোগ সৃষ্টি করতে পারে। এদের তাৎক্ষণিক গ্রেপ্তারের সুবিধার্থে এ তালিকা করা হয়। নগর পুলিশের গোয়েন্দা শাখায় এ তালিকা সমন্বয় করা হচ্ছে। পুলিশ এদের ওপর নজর রাখছে। পাশাপাশি সহযোগীদের নিয়ে তারা যাতে কোনো ধরনের জোট পাকাতে না পারে, সে জন্য গত রোববার থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ৮১৮ জনকে দৌড়ের ওপর রাখব। এরা যাতে সংঘবদ্ধ হতে না পারে সে জন্য র‌্যাব-পুলিশ যৌথ অভিযান শুরু করেছে।’পুলিশ সূত্র জানায়, সিটি করপোরেশন এলাকার ১১টি থানার মধ্যে একমাত্র পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর থানা এলাকায় এ ধরনের মাস্তান নেই বলে লিখিত প্রতিবেদন দেন। বাকি ১০ থানার পুলিশ সন্দেহভাজনদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করে নগর পুলিশের গোয়েন্দা শাখায় পাঠায়।তালিকা ঘেঁটে দেখা যায়, সর্বোচ্চ ২৫০ জনের তালিকা দিয়েছে বায়েজিদ থানা। আর সর্বনিম্ন পাঁচজনের তালিকা এসেছে হালিশহর থানা থেকে। এ ছাড়া খুলশি থানা ১৯৬ জনের, কোতোয়ালি থানা ১১৯ জনের, পাঁচলাইশ থানা ৭৭ জনের, বাকলিয়া থানা ৬২ জনের, চান্দগাঁও থানা ৬০ জনের, বন্দর থানা ২৩ জনের, পাহাড়তলি থানা ১৭ জনের ও ডবলমুরিং থানা সাতজনের তালিকা গোয়েন্দা পুলিশের দপ্তরে পাঠিয়েছে।কিসের ভিত্তিতে এ তালিকা হলো জানতে চাইলে খুলশি থানার ওসি ইফতেখার হোসেন বলেন, ‘১৯৬ জনের মধ্যে প্রকৃত সন্ত্রাসী ১০-১২ জন। বাকিরা এলাকায় অপরাধ করে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসে না।’ নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘গত সংসদ নির্বাচনে এ ধরনের পাড়ার মাস্তানের তালিকা করে আমরা ভালো ফল পেয়েছিলাম। তাই ছোটখাটো মাস্তানদের ওপর এবারও আমরা নজরদারি বাড়িয়েছি।’