৮২ জনের আগাম জামিন, আবেদন ফেরত ৭২ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের পদ্মকর ইউনিয়নে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঘটা সহিংসতা ও খুনের মামলার আসামিদের অনেকে গতকাল হাইকোর্ট থেকে জামিন পান। জামিন পাওয়ার পর অন্যদের অপেক্ষায় আদালতের বাইরে বসে আছে একদল l ছবি: প্রথম আলো
ঝিনাইদহের পদ্মকর ইউনিয়নে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঘটা সহিংসতা ও খুনের মামলার আসামিদের অনেকে গতকাল হাইকোর্ট থেকে জামিন পান। জামিন পাওয়ার পর অন্যদের অপেক্ষায় আদালতের বাইরে বসে আছে একদল l ছবি: প্রথম আলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চার জেলায় সংঘটিত খুন ও সহিংসতার চার মামলার ৮২ জন আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। এ ছাড়া মাদারীপুরের তিনটি মামলার ৭২ আসামির আগাম জামিনের আবেদন ফেরত দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান।
এ ব্যাপারে জানতে চাইলে মনিরুজ্জামান পরে প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হওয়া হত্যা ও সহিংসতা মামলার ৮২ জন আসামির আগাম জামিন মঞ্জুর করেন এবং ৭২ জনের জামিনের আবেদন ফেরত দিয়েছেন আদালত। এই আসামিদের আগাম জামিন স্থগিত চেয়ে আপিল করা হবে।
আগাম জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে ঝিনাইদহের সদর উপজেলার পদ্মকর ইউনিয়নে আকামত মীর হত্যা মামলার ৭৩ জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জাহাঙ্গীর আলম হত্যা মামলার সাতজন, মেহেরপুর ও নড়াইল জেলায় করা সহিংসতা মামলার একজন করে আসামি রয়েছেন। অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। এদিকে মাদারীপুরের সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট মামলার ৭২ জন আসামির আগাম জামিনের আবেদন ফেরত দেওয়া হয়েছে।
সকাল ১০টা থেকে আগাম জামিনের জন্য হাইকোর্টে হাজির হন এসব মামলার আসামিরা। ঝিনাইদহের আকামত মীর হত্যা মামলার ৭৩ আসামির আগাম জামিনের আদেশ হয় বেলা দুইটার দিকে। ঝিনাইদহের পদ্মকর ইউনিয়নের ছয়াইল গ্রামে আকামত মীরকে ৮ এপ্রিল কুপিয়ে হত্যা করা হয়। তিনি পদ্মকর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিকাশ কুমার বিশ্বাসের সমর্থক। এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ নিজামুল গনির সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়।
এ মামলায় আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক বলেন, মামলাটি রাজনৈতিক।
মাদারীপুর থেকে আসা ৭২ জামিনপ্রার্থীর আবেদন ফেরত দেওয়ার খবর শুনে তাঁদের অনেকে বিষণ্ন হয়ে পড়েন। বিশেষ করে আটজন শিক্ষার্থী। তাঁদের মধ্যে আছেন মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী আবুল বাশার, সুজন হোসেন, রুবেল হোসেন, নাজমুল হোসেন, আলামিন ও রফিকুল ইসলাম। বিএ শেষ বর্ষের বাশার ও সুজন প্রথম আলোকে বলেন, তাঁদের পরীক্ষা চলছে। বৃহস্পতিবারও (আজ) পরীক্ষা আছে। মামলার পর থেকে তাঁরা ঘরছাড়া।
মাদারীপুরের সদর উপজেলার কুনিয়ায় ১ এপ্রিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলীর সমর্থক হাসান মাহমুদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হাসানের বাবা মো. মাহবুব ব্যাপারী ৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানোয়ার হোসেনের ৩১ জন সমর্থকের বিরুদ্ধে মামলা করেন। ৮ এপ্রিল সানোয়ারের তিন সমর্থক ইসমাইল মাতুব্বর, হান্নান হাওলাদার ও মজিবুর মোল্লা বিদ্রোহী প্রার্থীসহ ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক আসামির বিরুদ্ধে লুটপাটের পৃথক তিনটি মামলা করেন। এ তিন মামলায় আগাম জামিন নিতে গতকাল হাইকোর্টে আসেন মামলার প্রধান আসামি বিদ্রোহী প্রার্থী সাহেব আলীসহ ৭২ জন।
সাহেব আলীদের আইনজীবী এস এম বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আদালত জামিনের আবেদন ফেরত দিয়েছেন।
যোগাযোগ করা হলে মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ প্রথম আলোকে বলেন, হাসান হত্যা ও লুটপাটের মামলাগুলোর এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। কিন্তু বাস্তবতা হলো, পুরো এলাকা পুরুষশূন্য।
১১ এপ্রিল রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদের সমর্থক জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানসহ সাতজন গতকাল আগাম জামিন পেয়েছেন। তাঁদের আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, এজাহারে তাঁদের নাম ছিল না।