৮২৪৩ গাছের মৃত্যু পরোয়ানা!
বন্যানিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণের নামে বরগুনা সদরের পায়রা নদীর পারের ২২ কিলোমিটার বাঁধের ওপর ৮ হাজার ২৪৩টি গাছের মৃত্যু পরোয়ানা জারি করেছে বন বিভাগ। এর মধ্যে এসব গাছের গায়ে নম্বর দিয়ে কেটে ফেলার কাজ শুরু হয়েছে।
অধিক দুর্যোগ ঝুঁকিপ্রবণ ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এসব গাছ জীবিত রেখেই বাঁধ সম্প্রসারণের কাজ করা যেত। অনেক স্থানে সেটা করাও হয়েছে।
প্রমত্তা পায়রা নদীর পারের ওই সব এলাকা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব গাছ ঝড়-জলোচ্ছ্বাসের সময় এলাকার বাসিন্দাদের সুরক্ষা দিয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক গাছ কেটে ফেলার ঘটনায় এসব এলাকার বাসিন্দাদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। পায়রা নদীর পারের বালিয়াতলী, বুড়িরচর ও আয়লা-পাতাকাটা—এই তিনটি ইউনিয়ন অবস্থিত। ঘূর্ণিঝড় সিডরে এই তিন ইউনিয়নে সবচেয়ে বেশি প্রাণ ও সম্পদহানি হয়েছিল।
বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামের সত্তরোর্ধ্ব নূরজাহান বেগম শঙ্কা প্রকাশ বলেন, ‘বাবা, সিডরের সময় এই গাছ ধইরা মোরা বাইচ্চা রইছি। এহন সিডর অইলে মোরা কী ধইরা বাঁচমু!’
ওই ইউনিয়নের মানিকখালী গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, ‘লবণগোলা, মানিকখালী ও আশপাশের এলাকার অন্তত ৪০ জন লোক ঘূর্ণিঝড় সিডরে মারা গেছে। এসব গাছ না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতো। এখন এসব গাছ কেটে ফেলা হচ্ছে। নতুন করে গাছ লাগালে তা বড় হতে কমপক্ষে ১০ বছর লাগবে। এই ১০ বছরের মধ্যে যদি বড় ধরনের কোনো দুর্যোগ হয়, তবে আমাদের রক্ষা করার মতো কিছুই থাকবে না।’
বন বিভাগের বরগুনা কার্যালয় সূত্র জানায়, বরগুনা সদর উপজেলার বালিয়াতলী, জেলখানা, গোলবুনিয়া, নাপিতখালী, পুরাকাটা হয়ে আয়লা-পাতাকাটা বাজার পর্যন্ত বাঁধের দুই পাশে সবুজ বেষ্টনী ও সামাজিক বনায়ন প্রকল্পের কার্যক্রম বিস্তৃত। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ২২ কিলোমিটার বাঁধের দুই পাশে লাগানো ৮ হাজার ২৪৩টি বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করে বন বিভাগ। এসব গাছ ১৯৯৫-৯৬ থেকে ২০০০-০১ অর্থবছরে রোপণ করা। ১৫ থেকে ২১ বছর বয়সী এসব গাছের মধ্যে আছে মেহগনি, রেইনট্রি, শিল কড়ই, আকাশমণি, শিশু, ইউকেলিপটাসসহ অন্যান্য প্রজাতি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয় সূত্র জানায়, ‘কোস্টাল ইমপ্রুভমেন্ট’ (সিআইপি) প্রকল্পের আওতায় ১ হাজার ২৪৫ কোটি টাকা ব্যয়ে বরগুনা সদরের পায়রা নদী পারের এই ২২ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে। ১০ মার্চ দরপত্র গ্রহণের শেষ দিন।
পাউবোর একটি সূত্র জানায়, দরপত্র গ্রহণ, বাছাই, কার্যাদেশ দেওয়াসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে আরও অন্তত তিন মাস লেগে যাবে। এরপর বর্ষা মৌসুম এসে গেলে এবার আর এ কাজ করা যাবে না। সে ক্ষেত্রে আগেভাগে বিপুলসংখ্যক গাছ কেটে ফেলা কতটা যৌক্তিক, তা ভেবে দেখা প্রয়োজন।
গত বুধবার গোলবুনিয়া, ছোট লবণগোলা, নাপিতখালী, মানিকখালী এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে বাঁধের দুই পাশের বন বিভাগের বিক্রি করে দেওয়া মেহগনিসহ বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। ৩০-৩৫ জন শ্রমিক কুড়াল, করাত দিয়ে এসব গাছ কেটে ফেলছেন।
গাছ কাটার কাজে নিয়োজিত বেলাল নামের এক শ্রমিক বলেন, ‘এসব গাছের গায়ে কোপ দেতে কইলজাডা ভাইঙ্গা যায়। কারণ, সিডরে এই গাছ মোগো আগলাইয়্যা রাকছে। কী হরমু, মোরা কাম করি ভাত খাই।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগের সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘বাঁধের পাশে এতগুলো গাছ একসঙ্গে কেটে ফেলাটা কতটা যৌক্তিক, সেটা ভেবে দেখা উচিত ছিল। কারণ, ওই সব এলাকা খুব দুর্যোগ ঝুঁকিপ্রবণ। পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়বে। এত বিপুলসংখ্যক গাছ কাটার আগে অবশ্যই বন বিভাগের এসব বিষয় ভেবে দেখা উচিত ছিল।’
যোগাযোগ করা হলে বন বিভাগের বরগুনা অঞ্চলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) খগেন চন্দ্র কর্মকার প্রথম আলোকে বলেন, ‘উপকারভোগীদের সঙ্গে চুক্তিতে এসব গাছ লাগানো হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব গাছ কেটে ফেলা হচ্ছে।’ ওই এলাকাটি তো দুর্যোগ ঝুঁকিপ্রবণ, তাই এসব গাছ কাটার আগে সেটা বিবেচনায় নেওয়া উচিত ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী এসব গাছ কাটা হয়েছে। ভবিষ্যতে বিষয়টি আমরা চিন্তা করব এবং নতুন বাঁধে পুনরায় বনায়ন করা হবে।’