৮৩ বছরেও জোটেনি ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা টিনের ছাউনি। জোড়াতালি দেওয়া টেবিল, বেঞ্চ। মাথার ওপর বিদ্যুতের তার থাকলেও নেই ফ্যান। শৌচাগার দুটির মধ্যে একটি ব্যবহার অনুপযোগী। এ অবস্থার মধ্যেই চলছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩২ সালে ১ একর ৮৪ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়টি। এখানে বর্তমানে মোট শিক্ষার্থী আছে ৩০৭ জন।
সম্প্রতি সরেজমিনে ওই বিদ্যালয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটি দুটি অংশে বিভক্ত। তিন কক্ষবিশিষ্ট টিনশেডের দুটি ভবন। একটি ভবন ভাঙাচোরা। সেখানকার একটি ও মোটামুটি ভালো ভবনের দুটি কক্ষে চলছে পাঠদান। দরজা-জানালা ভাঙাচোরা। কক্ষগুলোও অপরিষ্কার।
সহকারী শিক্ষিকা শামীমা আখতার বানু জানান, টিনশেডের নিচে কোনো ছাউনি না থাকায় গরমে ছেলেমেয়েরা প্রচণ্ড কষ্ট পায়। টিফিনের পরে স্কুলে থাকতে চায় না। এ ছাড়া বর্ষাকালে শ্রেণিকক্ষে পানি পড়ায় পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে শ্রেণিকক্ষগুলো।
বেপারিটোলা গ্রামের কোরবান আলী বলেন, ‘এই স্কুলটা যত দিন যাচে, ততই খারাপ হচে।’
প্রধান শিক্ষক জিন্নাত হোসেন জানান, বিদ্যালয়টিতে দূর-দূরান্তের আটটি গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে। ১৯৯১ সালে সর্বশেষ বিদ্যালয়টিতে সংস্কারকাজ হয়। তারপর আর হয় না। এক বছর আগে ডেপুটেশনে এক শিক্ষককে অন্য জায়গায় নিয়ে যাওয়ায় পাঠদান ঠিক রাখতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তা ছাড়া পাশেই একটি পুকুর থাকায় শিক্ষার্থীদের নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি শওকত আলী বলেন, বিদ্যালয়ের একটি ভবনের জন্য উপজেলা শিক্ষা কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়। কিন্তু কাজ হচ্ছে না।
উপজেলা শিক্ষা কর্মককর্তা কাজল কুমার সরকার বলেন, ‘এত দিনে বিদ্যালয়টিতে ভবন হওয়ার কথা। কেন ভবন হয়নি, তা খতিয়ে দেখা হবে।’
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ওই বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অচিরেই ওই বিদ্যালয়ের ভবন নির্মাণ হবে বলে জানান তিনি।