রাজশাহীর বাগমারার তিনটি কলেজের তিনজন অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে দুই মাস ধরে প্রতিষ্ঠান তিনটির ৮৩ জন শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো নন্দনপুর টেকনিক্যাল বিএম কলেজ, আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ ও শ্রীপুর রামনগর টেকনিক্যাল বিএম কলেজ। এর মধ্যে নন্দনপুর কলেজের ২৯ জন, আদর্শ কলেজের ৩৩ জন ও শ্রীপুর রামনগর কলেজের ২১ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাঁদের বেতন-ভাতার সরকারি অংশ বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠান তিনটির ১২-১৪ জন শিক্ষক প্রথম আলোকে বলেন, তাঁরা নিয়োগ পাওয়ার পর এমপিওভুক্ত হয়ে বেতন-ভাতা পেয়ে আসছেন। সোনালী ব্যাংকের বাগমারা ভবানীগঞ্জ শাখা থেকে বেতন তুলে থাকেন তাঁরা। গত এপ্রিল মাসের বেতনের স্মারক ব্যাংকে মে মাসে পৌঁছায়। এ সময় উপজেলার ১২টি কারিগরি বিএম কলেজের মধ্যে ৯টির স্মারক ও এমপিওর কপি ব্যাংকে পৌঁছায়। কিন্তু ওই তিনটি কলেজের এমপিওর কপি ব্যাংকে আসেনি। এ কারণে কলেজ তিনটি ব্যাংকে বিল জমা দিতে এবং বেতন উত্তোলন করতে পারেনি।
সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক আহমেদ তারিক হাসান বলেন, ওই তিনটি প্রতিষ্ঠানের এমপিওর শিট না আসায় তাঁদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা দেওয়া যায়নি।
শিক্ষক ও কর্মচারীদের অভিযোগ, নন্দনপুর কলেজে গত মার্চে এমপিওর শিটে আবদুল মান্নান নামের একজন সহকারী শিক্ষকের নামের স্থলে নার্গিস পারভীন নামের এক নারীর নাম যুক্ত করা হয়। কিন্তু নার্গিস নামের কোনো শিক্ষককে এ কলেজে নিয়োগ দেওয়া হয়নি। বিষয়টি জানাজানির পর পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ও স্থানীয় ব্যক্তিরা কারিগরি শিক্ষা বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। তাঁদের অভিযোগ, অধ্যক্ষ টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে তাঁর পরিচিত নার্গিস পারভীন নামের একজনের নাম এমপিওর শিটে অন্তর্ভুক্ত করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাহাবুর রহমান বলেন, তিনি তাঁর (নার্গিস পারভীন) বেতন-বিলে স্বাক্ষর করেননি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।
এদিকে শ্রীপুর রামনগর কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক প্রদীপ কুমারের স্থলে আশরাফুল ইসলাম ও অফিস সহকারী জালাল উদ্দিনের স্থলে আবদুর রাজ্জাকের নাম গত মার্চের এমপিওর শিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের কাউকেই নিয়োগ দেওয়া হয়নি।
জানতে চাইলে অধ্যক্ষ আতাউর রহমান বলেন, যা অনিয়ম করেছেন তা কারিগরি বোর্ডের কর্মকর্তাদের সহযোগিতায় করেছেন।
এ ছাড়া আদর্শ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে রয়েছে নিয়োগ জালিয়াতির অভিযোগ। কারিগরি বোর্ডের একজন কর্মকর্তা বলেন, তিনি (অধ্যক্ষ) বোর্ডের চিঠি জালিয়াতি করে সহকারী শিক্ষক (বিজ্ঞান) বিষয়ে একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাঁর এমপিওভুক্তির আবেদন জমা দেওয়ার পর কাগজপত্র যাচাই করার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ জিয়াউল আলম বলেন, বোর্ডের খামখেয়ালিপনার কারণে এসব হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কারিগরি শিক্ষা বোর্ডের ওই কর্মকর্তা বলেন, অনিয়মের সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের কেউ জড়িত থাকতে পারেন।
এদিকে বেতন-ভাতা না পেয়ে বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, অনিয়ম-দুর্নীতি করে থাকলে অধ্যক্ষরা করেছেন। কিন্তু এ জন্য তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মে মাসের বেতন পাবেন না বলেও তাঁরা আশঙ্কা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আশরাফুল ইসলাম, নার্গিস পারভীন ও আবদুর রাজ্জাক কোনো মন্তব্য করতে চাননি। তাঁরা এ বিষয়ে সংশ্লিষ্ট অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
গতকাল মুঠোফোনে জানতে চাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক নূরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানপ্রধানদের নানা অনিয়মের কারণে এমপিও স্থগিত নয়, বেতন বন্ধ রাখা হয়েছে। অভিযোগের তদন্ত হচ্ছে।