৮৩টি পূজামণ্ডপে চাল বিতরণ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৮৩টি পূজামণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআরের বরাদ্দ করা ৪১ দশমিক ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়।
গতকাল সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউল ইসলাম তাঁর কার্যালয়ে পূজামণ্ডপ কমিটির হাতে চালের বরাদ্দপত্র তুলে দেন।
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৮৩টি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ইউনিয়নে ৬৬টি ও পৌরসভা এলাকায় ১৭টি পূজামণ্ডপ তৈরি করা হয়।
ইউনিয়নওয়ারি পূজামণ্ডপের সংখ্যা হচ্ছে উপজেলার কামারপুকুর ইউনিয়নে ৫টি, কাশীরাম বেলপুকুর ইউনিয়নে ১০টি, বাঙ্গালীপুর ইউনিয়নে ১১টি, বোতলাগাড়ি ইউনিয়নে ২৬টি ও খাতামধুপুর ইউনিয়নে ১৪টি।
মো. শফিউল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা জিআরের চাল পূজামণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।