৮৩৭টি অ্যাপার্টমেন্ট বুঝে পেলেন মালিকেরা
চরম হট্টগোলের মধ্যে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৮৩৭টি ফ্ল্যাটের আইডি (ফ্ল্যাটের নম্বর) ঘোষণা করা হলো। আজ রোববার সকাল ১০টার দিকে রাজউক ভবন মিলনায়তনে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়। এখানে ১ হাজার ৮৩২টি ফ্ল্যাটের মধ্যে প্রথমে লটারি করে (সিড পদ্ধতি) ৮৩৭টি ফ্ল্যাট বাছাই করা হয়।
লটারি অনুষ্ঠানের মঞ্চে গ্রাহকদের ডেকে তাঁদের হাত দিয়েই চারটি ক্রমিক সংখ্যার নম্বর তোলা হয়। পরে অন্য গ্রাহকদের একজনকে দিয়ে একটি নম্বর তোলা হয়। এতে মুহূর্তের মধ্যে ৮৩৭টি ফ্ল্যাটের তালিকা প্রস্তুত হয়ে যায়। এ অবস্থার মধ্যে কিছু গ্রাহক চিৎকার করে বলেন, এ পদ্ধতিতে তাঁদের মনে হচ্ছে অস্বচ্ছতা আছে। তাদের বিষয়টি বুঝিয়ে দিতে হবে। একপর্যায়ে এক নারী গ্রাহক মঞ্চে উঠে চিৎকার করে বলতে থাকেন, পৃথক পৃথকভাবে প্রত্যেকের লটারি করতে (ম্যানুয়াল পদ্ধতি) হবে।
তখন রাজউকের চেয়ারম্যান মো. আবদুর রহমান মাইক হাতে নিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে। প্রয়োজনে সবাইকে এটার প্রিন্ট দেওয়া হবে। ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে। এ সময় মঞ্চে থাকা অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রত্যেকের নাম মাইকে ঘোষণা করার নির্দেশ দেন। পরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অতিরিক্ত পরিচালক মোজাফফর হোসেন পুরো তালিকা পড়া শুরু করলে গ্রাহকেরা শান্ত হন।
এর আগে সভাপতির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান বলেন, একসময় প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছিল। গ্রাহকদের মধ্যে এমন একটি ধারণা জন্ম নিয়েছিল, এ ফ্ল্যাট কখনো পাওয়া যাবে না। কিন্তু আজ স্বপ্ন বাস্তবায়িত হলো। আগামী নভেম্বরের মধ্যে আরও আড়াই হাজার ফ্ল্যাট হস্তান্তর করা হবে।
প্রধান অতিথি মোশাররফ হোসেন বলেন, এ প্রকল্প ছাড়াও ঝিলমিল প্রকল্পে ১৪ হাজার এবং পূর্বাচলে ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ ছাড়া বস্তিবাসীদের জন্য ৫০ হাজার ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাসির আজাদ তাঁর বক্তব্যে বলেন, কেউ চাইলে উত্তরা প্রকল্পে ফ্ল্যাটের জন্য সহজ শর্তে ঋণ পেতে পারেন।
২০১২ সালে উত্তরা ১৮ নম্বর সেক্টরে ‘এ’ ব্লকে ৭৯টি ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ওই সময় সরকারি দুজন সাংসদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। আড়াই বছরে কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ২০টি ছোট প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। বর্তমানে ৭৫টি ১৬ তলা ভবন নির্মাণকাজ শেষ হয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১৬৫৪ বর্গফুট (মূল আয়তন ১২৫০ বর্গফুট।) অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের কাজ শেষ করা হয়েছে। এ ছাড়া রাস্তাঘাট সংস্কারের কাজ নভেম্বরের মধ্যে শেষ হবে।