শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৮৪ জন আবেদনকারীর মধ্যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ৬ জনের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। আরও ১০ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে কমিটির মধ্যে দ্বিমত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কমিটি এ-সংক্রান্ত কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া মুক্তিযোদ্ধারা হলেন হাতিপাগার গ্রামের ওমর আলী, সিধুলীর আজমত আলী, বিশগিরিপাড়ার মো. গিয়াস উদ্দিন, বাদলাকুড়ার প্রয়াত আবদুস ছাত্তার, গোবিন্দনগরের মরহুম আবদুর রেজ্জাক ও নিজপাড়া এলাকার প্রয়াত আবদুল হাকিম সরকার।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে সাত সদস্যের কমিটি করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কোনো প্রতিনিধি ছিলেন না। কমিটি গত শনি ও রোববার উপজেলার সভাকক্ষে যাচাই-বাছাই করেন। এখানে মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেতে নতুন ৬৯ জন ও আগের গেজেটভুক্ত ১৫ জন আবেদন করেন। নতুনদের মধ্যে দুজন ও গেজেটভুক্ত তালিকার চারজনকে কমিটি সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে চূড়ান্ত করেছে। এ ছাড়া নতুন আবেদনকারীদের মধ্যে আটজন ও গেজেটভুক্ত তালিকার দুজনের ব্যাপারে কমিটির মধ্যে দ্বিমত রয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাব উদ্দিনকে পাকিস্তানের কাছে আত্মসমর্পণকারী হিসেবে উল্লেখ করে কয়েকজন মুক্তিযোদ্ধা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, কমিটি প্রাথমিকভাবে ছয়জনের নাম চূড়ান্ত করেছে। ১০ জনের ব্যাপারে দ্বিমত রয়েছে। কমিটির সিদ্ধান্তসহ সব কাগজপত্র ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।