৮৪ জন অদম্য মেধাবীকে সম্মাননা জানাল ম্যাডোনা গ্রুপ
রেললাইনের বস্তিতে বেড়ে উঠেছে মো. মেহেদী হাসান। বাবার সঙ্গে দিনমজুরি করেছে। পাশাপাশি চালিয়ে গেছে পড়ালেখা। দারিদ্র্য তাকে দমাতে পারেনি। গত মাধ্যমিক পরীক্ষায় সে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে।মেহেদীর মতো শত শত অদম্য মেধাবী আছে, অভাব আর দারিদ্র্যের মতো শত বাধা যাদের দমাতে পারেনি। নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১১ সালের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, দেশের বিভিন্ন এলাকার এমন ৮৪ জন অদম্য মেধাবীকে সম্মাননা জানিয়েছে ম্যাডোনা গ্রুপ।গতকাল শনিবার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়। বৃত্তি হিসেবে কলেজে ভর্তি ও বই কেনার জন্য প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সাত হাজার করে টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, তিনি সচ্ছল পরিবারে জন্ম নিলেও অনেক সংগ্রাম করে তাঁকে এ পর্যায়ে আসতে হয়েছে। এ জন্য তিনি দরিদ্র মেধাবীদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে চান। তিনি তাঁদের এ উদ্যোগ আরও সম্প্রসারিত করার আশ্বাস দেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সংগ্রামী জীবনী তুলে ধরে গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, মেধা ও আগ্রহ থাকলে অভাব-অনটন কাউকে আটকে রাখতে পারে না। তবে ওপরে উঠতে সহায়তার হাত লাগে। সে হাত আমাদের সমাজে কম। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আমরা চাই, টাকার অভাবে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা, মেধার বিকাশ বন্ধ হয়ে না যায়।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল এবং কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।