
সারা দেশের ৮৪টি পরিবার প্রথমবারের মতো ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি পাচ্ছে। গতকাল সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘কর বাহাদুর পরিবার’-এর তালিকা প্রকাশ করেছে। আগামীকাল বুধবার এনবিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে যেসব পরিবারের সদস্যরা নিয়মিতভাবে কর পরিশোধ করে আসছেন, সেসব পরিবারকেই এ স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দীর্ঘদিন ধরে যেসব পরিবারের সব সদস্য কর দিয়ে আসছেন, ওই পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ ঘোষণার পরিকল্পনার কথা জানান। সেই অনুযায়ী গতকাল এনবিআর প্রথমবারের মতো সারা দেশের ৮৪ কর বাহাদুর পরিবারের নাম প্রকাশ করে। এই তালিকায় ঢাকা থেকে রয়েছে ১৬টি পরিবার, চট্টগ্রাম থেকে রয়েছে ৮টি পরিবার আর দেশের বাকি ৬২ জেলা থেকে আছে ৬০টি পরিবার। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা থেকে মনোনয়নের জন্য যোগ্য কোনো পরিবার পাওয়া যায়নি।
ঢাকার ‘কর বাহাদুর পরিবার’-এর তালিকায় প্রথমে রয়েছে মিস খাজা তাজমহল ও তাঁর পরিবার। দ্বিতীয় স্থানে রয়েছে এ বি এম শফিউল আলমের পরিবার। তৃতীয় অবস্থানে রয়েছে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর পরিবারের নাম। এ ছাড়া ঢাকার তালিকায় নাম রয়েছে মিসেস হোসনে আরা হোসেন, সৈয়দ হাসান ইমাম, মিজানুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আব্দুস সালাম মুর্শেদী, আব্দুল কাদির মোল্লা, মো. কাউছ মিয়া, সৈয়দ আবুল হোসেন, আবদুল হক, সৈয়দ নুরুল ইসলাম, আহমেদ আকবর সোবহান, এ কে এম রহমতুল্লাহ ও আবদুল মাতলুব আহমাদের পরিবার।
চট্টগ্রাম থেকে কর বাহাদুর পরিবারের তালিকার শীর্ষে রয়েছে বিএসআরএম গ্রুপের আলীহোসাইন আকবরআলীর পরিবার। এরপর রয়েছে যথাক্রমে আবুল হাশেম, এ কে এম শামসুদ্দিন খান, ফরিদ আহমেদ, জোহাইর তাহের আলী, প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, এম জালাল উদ্দিন চৌধুরী ও মিস নুর নাহার জামানের পরিবার।