৮৪ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এসব বিদ্যালয়ে ১২৫ জন সহকারী শিক্ষকের পদও খালি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, দুই উপজেলায় ২২৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১ হাজার ২৪৯টি পদের মধ্যে ২০৯টি শূন্য।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা জানান, উপজেলায় ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এতে ১৫১ জন প্রধান শিক্ষক ও ৬২৬ জন সহকারী শিক্ষকসহ ৭৭৭ জন শিক্ষকের পদ থাকলেও ৫১ জন প্রধান শিক্ষক ও ৬০ জন সহকারী শিক্ষকসহ ১১১ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।
তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা জানান, উপজেলায় ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৪৭২ জন শিক্ষকের পদ আছে। কিন্তু সেখানে ৩৩ জন প্রধান শিক্ষক ও ৬৫ জন সহকারী শিক্ষকসহ ৯৮ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।
আমতলীর চাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর গেরাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সেগুলোতে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে সংকট আরও বাড়ছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকসংকট হচ্ছে।
তালতলী উপজেলার শিক্ষকেরা জানান, উপজেলার মৌরুভী ও নলবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে তিনজনের জায়গায় মাত্র একজন করে শিক্ষক আছেন। উপজেলার কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মাত্র দুজন শিক্ষক আছেন। প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে প্রায়ই উপজেলা সদরে থাকেন।
তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, যথাযথভাবে পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে অন্তত পাঁচজন করে শিক্ষক থাকা প্রয়োজন।
আমতলীর বলইবুনিয়া নুরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে জেবি সেনের হাট প্রাথমিক বিদ্যালয় থেকে শহীদুল ইসলাম এবং নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয় থেকে মো. পাভেলকে প্রেষণে এনে উপজেলার বলইবুনিয়া নুরুল ইসলাম মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি চালু হয়েছে। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. পাভেল জানান, প্রায় ১৫০ শিক্ষার্থীর পাঠদানের জন্য মাত্র দুজন শিক্ষক আছেন।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, শূন্যপদের বিপরীতে শিক্ষকের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।