ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, ৮৪ বছরে সামাজিক মূল্যবোধের এত অবক্ষয় তিনি আর দেখেননি। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুঃখ হয়, এগুলো দেখার জন্য কি বেঁচে রয়েছি?’
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ধর্ষণ, সংখ্যালঘুদের নির্যাতন এবং মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বরতার ঘটনার উল্লেখ করে এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী লেখক পরিষদ নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘সমাজে আজ যে অবস্থা চলছে, যেদিকে তাকাই না কেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আগামী ১৫ ডিসেম্বর আমি ৮৪ বছরে পা দেব। এই ৮৪ বছরে এত সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখিনি।’
সাবেক এই উপাচার্য বলেন, ‘বলতেও ঘেন্না লাগে, আমার নাতি-নাতনি বা তাদের চেয়ে আরও ছোট বয়সের মেয়েদের ওপর নির্যাতন এই সমাজে চলছে। অথচ এই সমাজে সরকার আছে, আইন প্রণয়নকারী ব্যক্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিরাও আছেন। তারপরও যে নির্যাতন, নোংরামি তা কল্পনা করা যায় না।’
ছড়াকার আবু সালেহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক এরশাদ মজুমদার, জিয়া পরিষদের মহাসচিব মাহবুবুল আলম প্রমুখ।