৮৪ বছরে ভোটার হলেন মনছের আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনছের আলী
মনছের আলী

মনছের আলীর জন্ম ১৯৩২ সালের ১৫ মার্চ। সেই হিসাবে তাঁর বয়স ৮৪ বছর ছাড়িয়েছে। এই দীর্ঘ জীবনে তাঁর এখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। কারণ যখন তাঁর ভোটার হওয়ার কথা ছিল, তখন তিনি ছিটমহলের বাসিন্দা। ১৯৪৭ সালে দেশ ভাগের পর তাঁর নাগরিকত্বহীন জীবন শুরু হয়।
এরপর মনছের আলীর ৬৮ বছর কেটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী বিলুপ্ত ছিটমহলে। ভেবেছিলেন ভোটার হওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে। কিন্তু গত বছর ৩১ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের পর সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। চলতি বছর বাংলাদেশি হিসেবে ভোটার তালিকায় নাম উঠেছে তাঁর।
মনছের আলীর স্ত্রী রাশেদা বেগম (৭০)। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। দুই ছেলে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। শেষ পর্যন্ত ভোটার হওয়ায় মনছের আলী সন্তুষ্ট। বয়সের ভারে এখন তিনি ন্যুব্জ, কানেও কম শোনেন। তবে ভবিষ্যতে ভোট দেওয়ার আশা করছেন তিনি। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘জীবনের শেষ সময় এসে তো বাংলাদেশি হয়েছি, ভোটও দিতে পাব। এত দিনে মনের আশা পূরণ হইল। মরিয়াতো (মৃত্যু) শান্তি পাইম।’
শুধু মনছের আলী নন, লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত হওয়া নয়টি ইউনিয়নের বাসিন্দারা ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। তফসিল অনুযায়ী ৩১ অক্টোবর এসব ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর পর্যায়ক্রমে জেলার পাঁচ উপজেলার সব ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়। গত বছরের ৩১ জুলাই জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা মূল ভূখণ্ডে যুক্ত হওয়ার পর লালমনিরহাট সদরের একটি, হাতীবান্ধার একটি ও পাটগ্রামের সাতটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। চলতি বছর ১৬ জুলাইয়ের মধ্যে বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন হয়। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই জেলায় বিলুপ্ত ছিটমহলগুলোতে ১০ হাজার ৩৭৬ জন অধিবাসী রয়েছে। তাদের মধ্যে নতুন ভোটার তালিকায় ১ হাজার ৬৫০ জনের নাম যোগ হয়েছে।