গত শনি থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র, ভোটার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় সাত জেলায় ৮৪টি মামলা করা হয়েছে।
এসব মামলায় বিএনপি ও জামায়াতের প্রায় ৪৬ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে যশোরের মনিরামপুর পৌরসভার মেয়র, বিএনপির নেতা-কর্মীসহ ৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: ভোটকেন্দ্রে হামলার অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র শহীদ ইকবাল হোসেনকে পৌর শহরের নারকেলপট্টি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই অভিযোগে সোমবার গভীর রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের আরও ৭০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। একই রাতে যশোর সদর ও চৌগাছা উপজেলা থেকে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন বলেন, ৬০টি ভোটকেন্দ্রে হামলার ঘটনায় সোমবার রাত পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তারা ২৮টি মামলা করেছেন। ওই সব মামলায় জামায়াত-শিবিরের অন্তত ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আটক সবাইকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।
নীলফামারী: জলঢাকা ও ডিমলা উপজেলায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতার ঘটনায় দুটি থানায় ২১টি মামলা করেছেন প্রিসাইডিং কর্মকর্তারা। এতে প্রায় দুই হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে।
বগুড়া: গাবতলী, শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলায় ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, ভোট গ্রহণের সরঞ্জাম পুড়িয়ে দেওয়া এবং গাবতলী থানায় হামলার ঘটনায় তিন থানায় গতকাল পর্যন্ত ১৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের ৫২ জনসহ অজ্ঞাতনামা ৩২ হাজার ২২২ ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
লক্ষ্মীপুর: রামগঞ্জ উপজেলায় নির্বাচনের আগের রাত ও নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, পুলিশকে অগ্নিদগ্ধ, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ১৮ দলের দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে সাতটি মামলা করেছে পুলিশ।
পীরগাছা (রংপুর): শনিবার রাতে উপজেলার ১৩টি ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার, বাক্সসহ সরঞ্জামাদি লুট ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল ছয়টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের তিন সহস্রাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
বরগুনা: সদর উপজেলার বিভিন্ন এলাকায় চারটি প্রাথমিক বিদ্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় ১০২ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। ওই মামলায় গত সোমবার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. অসীমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঘরজ্জেয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।