৮৪ শতাংশ অপহরণের মামলা প্রেমঘটিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ৮৪ শতাংশ মামলাই প্রেমিকের হাতে প্রেমিকা অপহরণের ঘটনা। প্রেমের টানে পালিয়ে গেলেও বিধিবিধানের কারণে পুলিশ প্রেমিকদের বিরুদ্ধে অপহরণের মামলা নেয়। গতকাল সোমবার অপহরণে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ-বিষয়ক কন্ট্রোল রিস্কের প্রতিবেদনের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ দপ্তর থেকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
দেশে প্রতিবছর গড়ে ৯০০ অপহরণের মামলা হয়। ২০১৪ সালে অপহরণের মামলা হয়েছে ৯২০টি, এর আগের বছর ২০১৩ সালে মামলা ছিল ৮৭৯টি। কন্ট্রোল রিস্কের প্রতিবেদনের ব্যাপারে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিবেদনটি অন্যান্য সংস্থার প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে প্রতিবেদনটির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। এর আগে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘হেল্প বিল্ড পিস’-এর প্রতিবেদনে অপহরণের ঝুঁকিপূর্ণ শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল না। অস্ট্রেলীয় সরকারের ৬ মার্চ প্রকাশিত ‘কিডন্যাপিং থ্রেট ওয়ার্ল্ডওয়াইড’ শীর্ষক প্রতিবেদনে অপহরণে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম নেই। লন্ডনভিত্তিক আরেকটি সংস্থা ‘রেড ২৪’ ২০১৫ সালে অপহরণ আক্রান্ত যে ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে, সেখানেও বাংলাদেশের নাম নেই। আর ‘নেশন মাস্টার’ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৩৩। ব্যাখ্যায় বলা হয়, এ সংস্থাগুলোর প্রতিবেদনে আফগানিস্তান, কলম্বিয়া, ইরাক, সোমালিয়া, উত্তর আফ্রিকার সাহেল-সাহারা, ভারত, পাকিস্তান, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও ইয়েমেনকে অপহরণপ্রবণ শীর্ষ দেশ হিসেবে দেখানো হয়েছে।