বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ৮৫ শতাংশ রোগী কিডনি নষ্ট হওয়ার আগে বুঝতেই পারে না যে তারা কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগ একটি নীরব ঘাতক।গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন। ‘জীবনের জন্য কিডনি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, সোসাইটি অব অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশ, ক্যাম্পাস ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ বলেন, মানুষের বেঁচে থাকার জন্য জীবন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন কিডনির। মরণোত্তর কিডনি দান করে মৃত্যুপথযাত্রী রোগীকে নতুন জীবন দান করা যায়।জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, কোনো ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত হলে কিডনি অর্ধেক নষ্ট না হওয়া পর্যন্ত তার লক্ষণ প্রকাশ পায় না। তাই কিডনি রোগে মানুষ যেন আক্রান্ত না হয়, সে বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সচেতনতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। আর এ রোগে আক্রান্ত হয়েও যতটা সুন্দরভাবে বেঁচে থাকা যায়, তারই চেষ্টা করা উচিত।অনুষ্ঠানে বলা হয়, কিডনি সংযোজন স্থায়ীভাবে বিকল কিডনি রোগীদের জন্য সর্বোচ্চ চিকিৎসা। কিডনি সংযোজনের মাধ্যমে রোগী ১০-২০ বছর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু কিডনি সংযোজনের ক্ষেত্রে প্রধান অন্তরায় দাতার স্বল্পতা। এই স্বল্পতা কাটাতে কিডনি রোগ সম্পর্কে ও কিডনিদানে উদ্বুদ্ধ করতে সামাজিক সচেতনতা বাড়ানো দরকার।জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রম শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সফলতা পেতে হলে সারা বছর এ কার্যক্রম চালাতে হবে। অনুষ্ঠানে সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, কিডনি কেনাবেচা আইনত দণ্ডনীয়। তাই প্রত্যেককে নিকটাত্মীয়কে কিডনিদানে উদ্বুদ্ধ হতে হবে।