৮৫টি গাছ কেটে বাঘায় হবে সার্ভার স্টেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপনের জন্য ৮৫টি মেহগনি গাছ কাটতে হবে। উপজেলা পরিষদের পক্ষ থেকে বিকল্প স্থানে স্টেশনটি স্থাপনের কথা নির্বাচন কমিশনকে জানানোর পরও সার্ভার স্টেশনটি স্থাপনের কার্যাদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।বাঘা উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন উপজেলা কমপ্লেক্সে প্রস্তাবিত সার্ভার স্টেশনের (নির্বাচন কমিশনের জন্য স্থায়ী ভবন। যার সঙ্গে কেন্দ্রের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে) স্থান পরিদর্শন করেন। প্রথমত, তিনি উপজেলা পরিষদ মিলনায়তনের দক্ষিণে প্রবেশপথের ডান দিকে (যেখানে মেহগনি বাগান রয়েছে) এবং দ্বিতীয়ত, বিআরডিবি কার্যালয়ের উত্তরে, সোনা পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে (যেখানে বিএমডিএর নার্সারি রয়েছে) গেজেটেড কোয়ার্টারের পূর্বের ফাঁকা স্থানে নির্বাচন করেন।প্রস্তাবিত প্রথম স্থানে সার্ভার স্টেশনটি নির্মাণ করা হলে উপজেলা পরিষদের বড় বড় ৮৫টি গাছ কাটা পড়বে। এ কথা মাথায় রেখে গত ২৮ এপ্রিল উপজেলা পরিষদের সভায় প্রথম পছন্দনীয় স্থানের পরিবর্তে দ্বিতীয় স্থানে স্টেশনটি করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু দীর্ঘদিন পার হওয়ার পরও এ বিষয়ে কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি।এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ২২ জুন বাঘার প্রস্তাবিত সার্ভার স্টেশন নির্মাণের জন্য মেসার্স পদ্মা ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়।বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ বলেন, ‘উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে সার্ভার স্টেশনটি করা হলে ৮৫টি জীবিত গাছ কেটে ফেলতে হবে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ রয়েছে। এ অবস্থায় বিআরডিবি কার্যালয়ের পেছনে করা হলে ভালো হয়।’বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল বলেন, ‘সরকারিভাবে যদি অপরিপক্ব গাছ কাটা হয়, তাহলে সাধারণ মানুষও গাছ কাটার ব্যাপারে উৎসাহিত হয়। এ জন্য বিকল্প ব্যবস্থা থাকলে গাছ কেটে কোনো কাজ না করাই ভালো।’রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখত বলেন, ‘জায়গা উপজেলা পরিষদের। তারা হস্তান্তর না করলে নির্বাচন কমিশন সার্ভার স্টেশন করতে পারবে না।’ রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।