৮৫টি সাপ নিয়ে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় একটি ব্যক্তিমালিকানাধীন খামারের ৮৫টি সাপ নিয়ে বিপাকে পড়েছে বন বিভাগ। সরকারি অনুমোদন না নিয়ে এই খামার করার অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর সাপগুলো জব্দ এবং খামারির বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু বন বিভাগের এ বিষয়ে দক্ষ লোকবল না থাকায় তারা সাপগুলো খামারির কাছ থেকে নিতে পারছে না।উপজেলার আফি নেপালপাড়া গ্রামের বোরহান বিশ্বাস নামের এক যুবক পাশের ধর্মহাটা গ্রামে শখ করে ২০০৯ সালে ওই খামার গড়ে তোলেন। খামারে ১২ প্রজাতির ৮৫টি সাপ রয়েছে। বোরহান বলেন, কোথাও সাপ ধরা পড়লে জীবিত অবস্থায় উদ্ধার, সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা নিয়ে মানুষকে সচেতন করা, বিষাক্ত ও নির্বিষ সাপ শনাক্ত করা, সাপে কামড়ালে কী করণীয়—এসব বিষয়ে তিনি স্থানীয় স্কুল-কলেজে অনেক প্রচারণা চালিয়েছেন।উপজেলা সমাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বাদী হয়ে বন্য প্রাণী সংরক্ষণ আইনে খামারি বোরহান বিশ্বাসের বিরুদ্ধে রাজশাহী বন আদালতে একটি মামলা করেছেন। সাপগুলো জব্দ করা হলেও স্থানীয় বন বিভাগ কোথায় সাপগুলো অবমুক্ত করবে, সে ব্যাপারে সিদ্ধান্তের জন্য বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকার বন সংরক্ষকের কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, তাঁদের এ বিষয়ে কোনো দক্ষ লোকবল নেই। এ জন্য খামারির কাছেই সাপগুলো রাখা হয়েছে।