৮৫০ বিদ্যালয়ে মাদকবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার ৮৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা একযোগে মাদকবিরোধী প্রচারণা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের সড়কের পাশে তাঁরা মানববন্ধন করেন। এ সময় তাঁরা মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয়।

সরেজমিনে কুমিল্লা জিলা স্কুল সড়কে দেখা গেছে, বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী মাদকবিরোধী ব্যানার নিয়ে সড়কের পাশে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে শরিক হন আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব। এ ছাড়া নগরের ঈশ্বর পাঠশালা, শাকতলা উচ্চবিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদা বিদ্যায়তন, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল, কুমিল্লা মডার্ন হাইস্কুলসহ জেলার ১৬ উপজেলার ৮৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকেরা ওই কর্মসূচি পালন করেন।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাদকবিরোধী প্রচারণার ফলে শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মানজুরুল ইসলাম বলেন, মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ১৫ মিনিট প্রচারণামূলক এই কর্মসূচি পালন করা হয়।