৮৬ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ ৫১ বাঁক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের ৮৬ কিলোমিটারে প্রায় অর্ধশতাধিক বাঁক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এ বাঁকগুলোতে কোনো নির্দেশনামূলক সাইনবোর্ড না থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
পুলিশ সূত্র জানায়, ১৪ মার্চ লেদাবাজার এলাকার একটি বাঁকে বাস ও ট্রাকের সংঘর্ষে এক শিশু মারা যায়। এতে আরও ১০ জন আহত হন। ১১ ও ২৩ ফেব্রুয়ারি পানেরছড়া ও লেদা বাজার বাঁকে দুটি দুর্ঘটনায় চারজন নিহত ও আরও ২০ জন যাত্রী আহত হয়েছেন।
সম্প্রতি উখিয়ার টিঅ্যান্ডটি অফিসের সামনে বাঁকে দুটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে আটজন মারা গেলেও এতে আহত হন আরও ৩০ জন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া জানান, টেকনাফ জিরো পয়েন্ট থেকে কক্সবাজারের লিংক রোড পর্যন্ত ৮৬ কিলোমিটারের সড়কে অন্তত অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এসব বাঁকে নির্দেশনাফলক না থাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়ক হিসেবে পরিচিতি হলেও এটি শাহ সুজা সড়ক। ব্রিটিশ আমলে পাহাড়ি এলাকার আশপাশের আঁকাবাঁকা সড়কপথ অনুসরণ করে এটি নির্মিত হলেও পরবর্তী সময়ে নকশার কোনো পরিবর্তন না করে ওই সড়কটির ওপর দিয়ে সংস্কারকাজ করায় বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো রয়েই গেছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্ট, বাঁকগুলোতে দিকনির্দেশনামূলক সাইনবোর্ড লাগিয়ে যানবাহনকে সতর্ক করার নিয়ম থাকলেও টেকনাফ-কক্সবাজার সড়কের কোনো বাঁকেই এসব সাইনবোর্ড চোখে পড়েনি। সেন্টমার্টিন পরিবহনের একটি চেয়ারকোচের চালক বিল্লাল হোসেন (৪৮) জানান, কক্সবাজার থেকে যাওয়ার পথে বেশি ঝুঁকিপূর্ণ বাঁক বেসিক, পানেরছড়া, খুনিপালং, রাবেতা, মরিচ্চ্যাবাজার, উখিয়াবাজার, বালুখালী, পালংখালী, উলুবনিয়া, কানজরপাড়া, নয়াবাজার, লেদা, জাদিমুরা ও নাইট্যংপাড়াসহ ৫১টি বাঁক। এসব স্থানে দুর্ঘটনা ঘটে বেশি। কক্সবাজার বাস-মিনিবাস সমিতির সভাপতি রফিকুল হুদা বলেন, এ সড়কের ঝুঁকিপূর্ণ ৫১টি বাঁক ও নয়টি জরাজীর্ণ সেতু রয়েছে। সহজে নিয়ন্ত্রণ করতে না পারায় প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে সড়ক ও জনপদ বিভাগ সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয় করলেও দিকনির্দেশনামূলক সাইনবোর্ড প্রতিস্থাপন না করায় গত পাঁচ মাসে এ সড়কে ২১টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে পর্যটকসহ ১৩ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হন।
সড়ক ও জনপদ (সওজের) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. নুরে আলম জানান, কক্সবাজার-টেকনাফ পর্যন্ত দুটি প্যাকেজে প্রায় শত কোটি টাকার সড়ক ও ১৪টি সেতুর কাজ চলছে। ইতিপূর্বে লাগানো সাইনবোর্ডগুলো চুরি হয়ে গেছে। এসব সেতু ও সড়কের কাজ শেষ হলে ঝুঁকিপূর্ণ বাঁকের দিকনির্দেশনামূলক সাইনবোর্ড লাগানো হবে।