জামালপুর পৌরসভার হিসাবরক্ষক জালাল উদ্দিনের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন খাত থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টাকা আত্মসাতের ঘটনাটির তদন্ত চলছে।এদিকে অভিযোগ ওঠা চারটি খাতের মধ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক খাতেরও বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে। এতে নিয়মিত ৪৯ জন কর্মকর্তা-কর্মচারী তাঁদের টাকা ফেরত এবং ওই হিসাবরক্ষকের দুর্নীতির সঠিক বিচার চেয়েছেন।জানা গেছে, গত বছরের নভেম্বরে পৌরসভার পানি শাখার কর্মচারী মুকুল হোসেন ময়মনসিংহে বদলি হন। তাঁর ব্যাংক হিসাব স্থানান্তরের জন্য ব্যাংকে গিয়ে ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক খাতের প্রায় সাড়ে চার লাখ টাকা জমা না হওয়ার বিষয়টি টের পান। পরে পৌর কর্তৃপক্ষের মধ্যস্থতায় হিসাবরক্ষক জালাল উদ্দিন তাঁর টাকা ফেরত দেন। এর পর থেকেই হিসাবরক্ষককে সন্দেহ হলে কর্মচারীরা ব্যাংকে গিয়ে তাঁদের হিসাব মেলাতে গিয়ে আসল ঘটনা বেরিয়ে আসে। পৌরসভার অন্য আরও তিনটি হিসাবে বিপুল পরিমাণ টাকার গরমিল পাওয়া যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালপুর পৌরসভার বিভিন্ন হিসাব থেকে টাকা আত্মসাতের বিষয়টি তদন্তের জন্য জামালপুর পৌরসভার সচিব মো. শরাফত আলীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে পৌরসভার হিসাব শাখার নথিপত্র, বিভিন্ন খাত ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক হিসাব অনুসন্ধান করে ৮৫ লাখ ৬০ হাজার টাকার গরমিল দেখতে পায়।জানা গেছে, তদন্ত কমিটি হিসাবরক্ষকের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন খাতের অর্থ পৌরসভার সংশ্লিষ্ট হিসাবে জমা না দিয়ে নগদে উত্তোলন বা ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ এনে পৌর মেয়রের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভার মেয়র গত বছরের ২২ ডিসেম্বর বিধি মোতাবেক হিসাবরক্ষক জালাল উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন। এ ছাড়া একই বিধিমালার ৪৬ ধারা অনুযায়ী ওই হিসাবরক্ষককে পৌরসভার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।হিসাবরক্ষক মো. জালাল উদ্দিন তাঁর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও চক্রান্তমূলক দাবি করে বলেন, ‘তদন্ত কমিটির কাছে আমি আমার বক্তব্য পেশ করেছি। পৌরসভার অর্থসংশ্লিষ্ট বিষয়গুলো তো আর আমি একা দেখি না। মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা সচিবের যৌথ স্বাক্ষরেই সমস্ত বিল পাস ও লেনদেন হয়। সুতরাং, আমার বিরুদ্ধে আনা অভিযোগের সঠিক তদন্ত হওয়া দরকার।’পৌর কর্মচারী সংসদের সভাপতি বিল্লাল হোসেন আকন্দ প্রথম আলোকে বলেছেন, ‘দুর্নীতি করার আর জায়গা পান নাই। আমাদের ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক খাতের টাকা আমাদের ন্যায্য অধিকার। আমাদের টাকা ফেরতসহ ওই হিসাবরক্ষকের দুর্নীতির সঠিক বিচার দাবি জানিয়েছি।’জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী বলেন, হিসাবরক্ষক জালাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে জানানো হয়েছে।এদিকে গত বুধবার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফ মোহাম্মদ মাসুদের কক্ষে হিসাবরক্ষক জালাল উদ্দিনকে ডাকা হয়েছিল। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।কীভাবে ও কোন প্রক্রিয়ায় বছরের পর বছর ধরে জালাল উদ্দিন টাকা আত্মসাৎ করে আসছেন, এ প্রসঙ্গসহ বিভাগীয় মামলার ব্যাপারে এ প্রতিনিধির কাছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলতে রাজি হননি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফ মোহাম্মদ মাসুদ। তবে তিনি বলেন, ‘আমরা সঠিকভাবেই বিষয়টি তদন্ত করছি। সময় হলে আপনাদের সবই জানানো হবে।’