৮৬ শতাংশ নারী মাসিকের সময় পুরোনো কাপড় ব্যবহার করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিপে দেখা গেছে, দেশের ৮৬ শতাংশ নারী মাসিকের সময় পুরোনো কাপড় ব্যবহার করে। স্বাস্থ্যবিধি না মেনে মাসিক ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
জাতীয় স্বাস্থ্যবিধি ভিত্তি জরিপে এই তথ্য পাওয়া গেছে। সরকারের স্থানীয় সরকার বিভাগ ও বেসরকারি প্রতিষ্ঠান ওয়াটার এইডের সহায়তায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই জরিপ করেছে ২০১৩ সালে। বাংলাদেশের নারী ও কিশোরীরা মাসিকের সময় কী উপায় অবলম্বন করে, তা এই জরিপে উঠে এসেছে। আজ রোববার একটি সেমিনারে জরিপের ফলাফল প্রকাশ করা হবে।
জরিপে দেশের সব জেলা থেকে মোট আড়াই হাজার পরিবারের দুই হাজার ১০৭ জন বয়স্ক নারী ও ৩৭৭ জন কিশোরীর তথ্য নেওয়া হয়। এ ছাড়া ৭০০ স্কুলের ২ হাজার ৩৩২ জন ছাত্রীর সাক্ষাৎকার নেওয়া হয়।
জরিপে দেখা গেছে, সাক্ষাৎকার নেওয়া ছাত্রীদের ৬৮ শতাংশ বলেছে, প্রথমবার মাসিক হওয়ার আগে তারা এ বিষয়ে জানত না। ছাত্রীদের ৮২ শতাংশ মাসিকের সময় পুরোনো কাপড় ব্যবহার করে। মাত্র ১ শতাংশ স্কুলে ব্যবহার করা প্যাড ফেলার ব্যবস্থা আছে।
ইউএসএআইডি-ডিএফআইডির এনজিও স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রধান ডা. হালিদা হানুম আখতার দীর্ঘদিন নারী স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পুরোনো কাপড়ে সব সময় মাসিকের স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা হয় না। এর ফলে নারী ও কিশোরী নানা সংক্রমণের শিকার হয়। সংক্রমণ দীর্ঘদিনের হলে প্রজনন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং তা থেকে বন্ধ্যত্ব দেখা দিতে পারে।
মাসিক নিয়ে সমাজে এখনো নানা ধরনের কুসংস্কার ও ট্যাবু আছে। ৪০ শতাংশ ছাত্রী বলেছে, মাসিকের কারণে গড়ে মাসে তারা তিন দিন স্কুলে যাওয়া থেকে বিরত থাকে। অন্যদিকে ৩৮ শতাংশ কিশোরীকে এবং ৪৮ শতাংশ বয়স্ক নারীকে মাসিকের সময় ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। সমাজে এখনো মাসিকের বিষয়টি লুকিয়ে রাখার বিষয় হয়ে আছে। তাই ৪৯ শতাংশ নারী মাসিকের সময় ব্যবহার করা কাপড় শুকানোর জন্য ঘরের অন্ধকার স্থান বা গোপন স্থান বেছে নেন।
জরিপকারীরা বলছেন, মাসিকের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তাঁরা বলছেন, কম মূল্যে প্যাড পাওয়া গেলে অনেকেই তা ব্যবহার করবেন।
হালিদা হানুম আখতার বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এই তথ্য না জানার কারণে জীবনে প্রথমবার মাসিকের সময় অনেক কিশোরী ভয় পায়। কেউ কেউ একে ভয়ংকর রোগ মনে করে, মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর তার মাসিক ব্যবস্থাপনা যদি স্বাস্থ্যসম্মত না হয়, তাহলে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, সব মেয়েকে এ ব্যাপারে মানসিকভাবে তৈরি করা পরিবারের ও সমাজের দায়িত্ব।