৮৭ বছরেও আধুনিকায়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের ৮৭ বছরেও পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রেলওয়ে ‘ডিজেল লোকোমোটিভ রানিং শেড’ আধুনিকায়নের মুখ দেখেনি। ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই শেড বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
জরাজীর্ণ ভবনে চলছে কার্যক্রম। মান্ধাতা আমলের যন্ত্রপাতি দিয়ে চলছে ইঞ্জিন মেরামতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ। রয়েছে চরম জনবল-সংকট। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হলেও নেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
পাকশী বিভাগীয় রেল কার্যালয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুরে অবস্থিত এ স্থাপনা ব্রডগেজ রেলপথের ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় ও সার্বিকভাবে দ্বিতীয় বৃহত্তম লোকোশেড। ১৯২৯ সালে বাষ্পীয় ইঞ্জিনের লোকোশেড হিসেবে এর যাত্রা শুরু হয়। তখন এখানে বাষ্পীয় ইঞ্জিন মেরামত হতো। ষাট ও সত্তরের দশকে যুক্ত হয় ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন)। পর্যায়ক্রমে এটি ডিজেল লোকোমোটিভ রানিং শেডে রূপান্তরিত হয়।
শেডের চার-পাঁচজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরদী লোকোশেডটি দেশের সব ব্রডগেজ ইঞ্জিনের ভিত্তিমূল শেড। এর আওতায় বর্তমানে ৯৪টি ইঞ্জিন বিভিন্ন ব্রডগেজ রেলপথে যাত্রী ও মালবাহী ট্রেন নিয়ে চলাচল করে থাকে। নির্দিষ্ট সময় পরপর এসব ইঞ্জিন মেরামত করা, ট্রেনে ইঞ্জিন সংযোজন, তেল পরিবর্তন ও পরিশোধন, রাবার পুনঃস্থাপন, ইঞ্জিনের কর্মক্ষমতা পরীক্ষা-নিরীক্ষাসহ নানা কর্মকাণ্ড সম্পাদিত হয় এখানে। পাশাপাশি ইঞ্জিন ট্রেনে সংযুক্ত হওয়ার পর এখান থেকে চালক (ক্রু) সরবরাহ ও পরিচালনা করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনের জন্য এখানে সার্বক্ষণিক প্রস্তুত থাকে উদ্ধারকারী ট্রেন।
গুরুত্ব বিবেচনায় ঈশ্বরদী লোকোশেড একটি কেপিআইভুক্ত স্থাপনা। রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ কোনো স্থাপনাই শুধু এ মর্যাদা পেয়ে থাকে। এমন প্রতিষ্ঠানের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে।
সরেজমিনে দেখা যায়, এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সীমানার মধ্যেই জঙ্গল ও আবর্জনায় ভরে আছে। শেডের প্রধান ফটক থেকে উত্তর-পূর্ব প্রান্তে নিরাপত্তাপ্রাচীরের ২০০ ফুট, উত্তর-দক্ষিণ প্রান্তের প্রাচীরের ৩০০ ফুটসহ প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে আছে। ফলে গরু-ছাগল অনায়াসে ভেতরে ঢুকে বিচরণ করছে। লোকজনও বিনা বাধায় এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছেন। অথচ শেডের ভেতরেই বিভিন্ন জায়গায় লেখা আছে ‘বিনা অনুমতিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ।’
এ প্রসঙ্গে লোকোশেডের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কমল কৃষ্ণ গোস্বামী বলেন, কেপিআইভুক্ত স্থাপনার প্রধান শর্তের মধ্যে রয়েছে এর নিরাপত্তাপ্রাচীর ঠিক রাখা। কিন্তু ঈশ্বরদী লোকেশেডের নিরাপত্তাপ্রাচীর ভেঙে পড়ে থাকলেও সেদিকে কারও নজর নেই। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু নিরাপত্তাকর্মী বাড়ানো হয়নি। বিশাল এই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র তিনজন কর্মী।
শেড কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী লোকোশেড ৫৮ হাজার ১৮৬ বর্গমিটার জায়গার ওপর প্রতিষ্ঠিত। এখানে মোট জনবল ৪১১। জনবলের অভাবে শেডের কাজ ভালোভাবে সম্পাদন করা যাচ্ছে না। ভবিষ্যতে পদ্মা সেতু, মংলা বন্দর, রেল লিংক ও ঈশ্বরদী-ঢালারচর রেলপথ চালু হলে ব্রডগেজ ট্রেনের সংখ্যা অনেক বেড়ে যাবে। তখন এ লোকোশেডে কাজের চাপও অনেক বাড়বে।
এদিকে শেডের প্রধান ভবনসহ অন্যান্য ভবনে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতেই এসব ভবনে অবস্থিত শেড কর্মকর্তাদের কক্ষ, ভান্ডারকক্ষ (স্টোর রুম) ও মেশিনশপে পানি জমে যন্ত্রাংশ, নথিপত্রসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যায়। দেড় বছর আগে নতুন ছাউনি স্থাপন করা ছাড়া বড় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।
সরেজমিনে দেখা যায়, শেডে নতুন চালা (টিন) স্থাপন করা হয়েছে। তবে ডকইয়ার্ডে ইঞ্জিন মেরামতের জায়গায় এখনো পানি জমে আছে। দুজন কর্মচারী বলেন, ছাউনি তৈরির কাজে গলদ থাকায় বৃষ্টির অত্যাচার চলছেই। পাশাপাশি ইঞ্জিন মেরামতের কাজে ব্যবহৃত পানিনিষ্কাশনের নালার মুখ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ভীষণ কষ্ট করে তাঁদের কাজ করতে হচ্ছে।
এদিকে এ লোকোশেডে দীর্ঘ ৮৭ বছর আগের যন্ত্রপাতি দিয়ে এখনো ইঞ্জিন মেরামতের কাজ চলে। এসব যন্ত্রপাতির কোনোটি ভেঙে গেছে, আবার কোনোটি অচল।
সার্বিক বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী (লোকো) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আগের তুলনায় শেডের ভেতরের পরিবেশ উন্নত হয়েছে। তবে এখনো অনেক সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, ঈশ্বরদী ডিজেল লোকোমোটিভ রানিং শেডের গুরুত্ব দিন দিন বাড়ছে। ফলে শেডটির আধুনিকায়ন করা দরকার। তিনি বিষয়টি বিভিন্ন সভায় উত্থাপন করেছেন। পাশাপাশি লিখিতভাবে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।