সম্প্রতি অ্যাসিড সহিংসতার ভয়াবহতা বেড়েছে। নির্যাতনের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে। কক্সবাজারের চকরিয়া থানার স্থানীয় এক মাদ্রাসার চতুর্থ শেণীর ছাত্রীকে ছোরার ভয় দেখিয়ে তার বুকে অ্যাসিড দিয়ে দুর্বৃত্ত তার নিজের নাম লিখে দিয়েছে। অ্যাসিডের মতো সহিংস নির্যাতনের মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারও হচ্ছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। অ্যাসিড সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে এ সন্ত্রাস বন্ধে আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ। লিখিত বক্তব্যে বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত ৩৮টি ঘটনায় ৪৮ জন অ্যাসিডদগ্ধ হয়েছে। জুলাই থেকে আগস্টের ২৩ তারিখ পর্যন্তই ১২টি ঘটনায় ১২ জন অ্যাসিডদগ্ধ হয়েছে।লিখিত বক্তব্যে অ্যাসিড অপরাধ মামলা মনিটরিং সেলের তথ্য উল্লেখ করে আরও বলা হয়, গত ১১ বছরে এক হাজার ৮১২টি মামলা হয়েছে। ১৩ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। মোট সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ২৯১ জন। ৮৭ দশমিক ৭৪ শতাংশ অভিযুক্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান বলেন, অ্যাসিড সহিংসতার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের বিষয়টি লজ্জাজনক। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, অ্যাসিড সহিংসতা বন্ধে দুটি শক্তিশালী আইন আছে। এ আইনের প্রয়োগ জরুরি। আইনের প্রয়োগ হলে এ ধরনের অপরাধ আরও কমিয়ে আনা সম্ভব। আইনের প্রয়োগের পাশাপাশি তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন।সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরা রহমান বলেন, ২০০৮ সাল থেকে জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটিতে সরকারিভাবে তহবিল বরাদ্দ থাকার পরও তার বাস্তবায়ন নিশ্চিত করা যায়নি। অ্যাসিড সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।অ্যাসিড সারভাইভারস প্রতিনিধি তাহমিনা ইসলাম বলেন, আদালতে দগ্ধ চেহারা দেখানোর পরও আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে। এখনই এ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দগ্ধ চেহারার হাজার তাহমিনার জন্ম হবে।