৮৭ শতাংশ অভিযুক্তই পুলিশের ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গত ১১ বছরে এক হাজার ৮১২টি মামলা হয়েছে। ১৩ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।

আর ৮৭ দশমিক ৭৪ শতাংশ অভিযুক্তই পুলিশের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। অ্যাসিড সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এ সন্ত্রাস বন্ধে আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে অ্যাসিড অপরাধ মামলা মনিটরিং সেলের তথ্য উল্লেখ করে আরও বলা হয়, এ পর্যন্ত অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ২৯১ জন আসামি সাজা পেয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ। লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ৩৮টি ঘটনায় ৪৮ জন অ্যাসিডদগ্ধ হয়েছেন। জুলাই মাস থেকে আগস্টের ২৩ তারিখ পর্যন্তই ১২টি ঘটনায় ১২ জন অ্যাসিডদগ্ধ হয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি অ্যাসিড সহিংসতার ভয়াবহতা বেড়েছে। নির্যাতনের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে। কক্সবাজার জেলার চকরিয়া থানার স্থানীয় এক মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ছোরার ভয় দেখিয়ে তার বুকে অ্যাসিড দিয়ে দুর্বৃত্ত তার নিজের নাম লিখে দিয়েছে। অ্যাসিডের মতো সহিংস নির্যাতনের মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারও করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরা রহমান বলেন, ২০০৮ সাল থেকে জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটিতে সরকারিভাবে তহবিল বরাদ্দ থাকার পরও তার বাস্তবায়ন নিশ্চিত করা যায়নি। অ্যাসিড সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান বলেন, অ্যাসিড সহিংসতার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের বিষয়টি লজ্জাজনক।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, অ্যাসিড সহিংসতা বন্ধে দুটি শক্তিশালী আইন আছে। এ আইনের প্রয়োগ জরুরি। আইনের প্রয়োগ হলে এ ধরনের অপরাধ আরও কমিয়ে আনা সম্ভব হবে। আইনের প্রয়োগের পাশাপাশি তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন।

অ্যাসিড সারভাইভার প্রতিনিধি তাহমিনা ইসলাম বলেন, আদালতে দগ্ধ চেহারা দেখানোর পরও আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে। এখনই এ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দগ্ধ চেহারার হাজার তাহমিনার জন্ম হবে।