৮৭ শতাংশ পরিবারেই মুঠোফোন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের ৮৭ শতাংশের বেশি পরিবারে মুঠোফোন রয়েছে। দেশের ৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ১৯৬টি পরিবারের অন্তত একজন সদস্যের মুঠোফোন আছে। গ্রামে ১৫ বছরের বেশি বয়সী প্রতি চারজন নারীর মধ্যে তিনজনই মুঠোফোন ব্যবহার করেন। আর টেলিভিশন রয়েছে প্রায় অর্ধেক বা ১ কোটি ৬৪ লাখ ৬২ হাজার ২৫৭টি পরিবারে।
এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির চিত্র। এ চিত্র উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে। ব্যক্তি ও পরিবার পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রবেশাধিকার (অ্যাক্সেস) নিয়ে ৪ জানুয়ারি এ জরিপটি প্রকাশ করেছে বিবিএস। জরিপ অনুযায়ী, দেশে ৩ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার পরিবার রয়েছে। জরিপটি মুঠোফোন, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও ও কম্পিউটার ব্যবহারকারীদের ওপর করা হয়েছে।
বিবিএসের জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৮৭ দশমিক ৩ শতাংশ পরিবারে মুঠোফোন ব্যবহার করা হয়। আর ৪৬ দশমিক ৩ শতাংশ পরিবারে টেলিভিশন রয়েছে। রেডিও রয়েছে ১৪ শতাংশ বা প্রায় ৫০ লাখ পরিবারে।
অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারী পরিবার মাত্র ৫ দশমিক ২ শতাংশ বা ১৭ লাখ। আর ৯১ লাখ ৫৮ হাজার ব্যক্তি একবার হলেও ইন্টারনেট ব্যবহার করেছেন। তবে কম্পিউটার ব্যবহারকারী পরিবারের সংখ্যা ২০ লাখের বেশি বা ৫ দশমিক ৬ শতাংশ। ৭৬ লাখ ৭০ হাজার ব্যক্তি জীবদ্দশায় একবার হলেও কম্পিউটার ব্যবহার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ প্রথম আলোকে বলেন, বাংলাদেশে যত ফোন বিক্রি হয়, এর ৬০ শতাংশের বেশি বেসিক ফোন (বাটন ফোন)। এগুলোর দাম গড়ে ১২ ডলারের কম। কিন্তু দরিদ্র মানুষকে যদি কম দামে স্মার্টফোন ব্যবহারের সুযোগ করে দেওয়া যায়, তাহলে এর সুফল মিলবে। সহজেই কৃষকেরা ইন্টারনেট বা অ্যাপসের মাধ্যমে তাঁদের ফসলের বাজারদর, কীটনাশকসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাবেন। গ্রামের দারিদ্র্য পণ্য উৎপাদনকারী প্রতিদিনের বাজারদর জানতে পারবেন। তিনি মনে করেন, সামগ্রিকভাবে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন করা গেলে জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশের মতো বাড়ানো সম্ভব।
২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে সারা দেশের ৩৬ হাজার ২৪২টি খানা থেকে তথ্য-উপাত্ত নিয়ে এ জরিপটি করা হয়। এ জরিপের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও বিবিএসের যুগ্ম পরিচালক কবির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এক দশক ধরেই তথ্যপ্রযুক্তি খাতটির ব্যাপক সম্প্রসারণ হয়েছে। এ খাতটিকে ব্যবহার করে অর্থনীতিতে আরও চাঞ্চল্য আনার সুযোগ রয়েছে। বিষয়টি নীতিনির্ধারকেরা ভেবে দেখবেন।
মুঠোফোন: গ্রামের চেয়ে শহরে বসবাসরত পরিবারে মুঠোফোন ব্যবহারের প্রবণতা বেশি। জরিপের ফল অনুযায়ী, শহরে ৯৩ দশমিক ১ শতাংশ পরিবারে মুঠোফোন আছে। আর গ্রামে এ হার ৮৫ শতাংশ। তবে সিটি করপোরেশন এলাকায় ৯৬ দশমিক ২ শতাংশ পরিবারেই মুঠোফোন ব্যবহারকারী রয়েছেন।
রংপুরের মানুষ সবচেয়ে বেশি মুঠোফোন ব্যবহার করেন। রংপুর বিভাগের ১৫ বছরের বেশি বয়সীদের প্রায় ৮৭ শতাংশের মুঠোফোন আছে। আর সবচেয়ে কম বরিশাল বিভাগে, ৭৩ দশমিক ২ শতাংশ। ঢাকা বিভাগে ১৫ বছরের বেশি বয়সী ৮৫ দশমিক ৭ শতাংশের হাতে মুঠোফোন রয়েছে। আর আবাসন খাতে কর্মরতদের শতভাগের হাতেই মুঠোফোন রয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে কর্মরতদের ৯৮ দশমিক ৬ শতাংশের মুঠোফোন রয়েছে।
এ ছাড়া ১৫ বছরের বেশি বয়সী ৭৯ দশমিক ৪ শতাংশ গৃহকর্মী মুঠোফোন ব্যবহার করেন। এর মানে হলো, প্রতি পাঁচজন গৃহকর্মীর চারজনই মুঠোফোন ব্যবহার করেন।
জানা গেছে, দেশে বর্তমানে সাত কোটির ওপরে নিয়মিত মুঠোফোন ব্যবহারকারী আছেন। আর প্রায় ১৩ কোটির বেশি সিম বিক্রি হয়েছে।
মুঠোফোন ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধির ফলে ল্যান্ডফোনের ব্যবহার নেই বললেই চলে। বিবিএসের জরিপেও সেই চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, মাত্র ৩ দশমিক ১ শতাংশ বা ১১ লাখ ১৭ হাজার ৭৪টি পরিবারে ল্যান্ডফোন রয়েছে। সিটি করপোরেশন এলাকায় এক-পঞ্চমাংশ (২৪ দশমিক ৯ শতাংশ) পরিবারে ল্যান্ডফোন থাকলেও গ্রামে ১ শতাংশ পরিবারে এ ধরনের ফোন ব্যবহার করা হয়।
টেলিভিশন: শহরের প্রায় ৮০ শতাংশ পরিবারেই টেলিভিশন আছে, গ্রামে আছে এক-তৃতীয়াংশ পরিবারে। ঢাকা বিভাগের মানুষ বেশি টেলিভিশন দেখে। ঢাকা বিভাগের প্রায় ৬০ শতাংশ পরিবারেই টেলিভিশন আছে। তবে রংপুর বিভাগে প্রতি চার পরিবারের একটিতে টেলিভিশন রয়েছে। বরিশালেও এ হার কম, মাত্র ৩০ শতাংশ পরিবারে টেলিভিশন আছে।
তবে সিটি করপোরেশন বা নগর এলাকার পরিবারগুলোতে টেলিভিশন নিত্যসঙ্গ হয়ে গেছে। দেশের সিটি করপোরেশনগুলোতে প্রায় গড়ে ৯৫ শতাংশ পরিবারে টেলিভিশন আছে। সবচেয়ে বেশি সিলেট সিটি করপোরেশনে, প্রায় ৯৮ শতাংশ। ঢাকার দুই সিটি করপোরেশনে ৯৫ শতাংশের বেশি পরিবারে টেলিভিশন আছে।