ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট কাল শনিবার। এ উপজেলায় ১৩২টি ভোটকেন্দ্র রয়েছে। এর ৮৭টিই ঝুঁকিপূর্ণ মনে করছেন স্বতন্ত্র, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা।
স্বতন্ত্র, বিএনপি ও জাপার কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় গুঞ্জন রয়েছে বেশির ভাগ কেন্দ্রে দুপুর ১২টার মধ্যেই ভোট দেওয়া শেষ করা হবে। আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা এমনটা প্রচার করছেন। এতে তাঁরা শঙ্কায় রয়েছেন।
বারুয়াখালী ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ভোটকেন্দ্রে কেউ যাক বা না যাক, আওয়ামী লীগের প্রার্থী আরিফ শিকদারই চেয়ারম্যান নির্বাচিত হবেন—এমন কথা তাঁর সমর্থকেরা বলে বেড়াচ্ছেন। তিনি আরও বলেন, বারুয়াখালী উচ্চবিদ্যালয়, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় বাড়িল্যা নূরে জামে মসজিদ কেন্দ্র, কুমার বাড়িল্যা, বাহেরচর ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার রাখতে হবে।
নয়নশ্রী ইউপির জাপার প্রার্থী রিপন মোল্লা বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় উত্তর বাহ্রা মাদ্রাসা কেন্দ্র, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোল্লা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী তাঁর বাহিনী দিয়ে ভোট মেরে নেবেন বলে আমি আশঙ্কা করছি।’
জাপার প্রার্থী আইনুল চৌধুরী বলেন, কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়াগ্রাম উচ্চবিদ্যালয়, দিগনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেলেং উচ্চবিদ্যালয় ও মাতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেরানীগঞ্জের সীমান্ত কালিগঙ্গা নদীর পাড় দিয়ে এসব কেন্দ্রে বহিরাগতরা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
উপজেলা বিএনপির সহসভাপতি ও দলের বিদ্রোহী প্রার্থী বারেকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সেন্টু মোল্লার জনপ্রিয়তা কমে যাচ্ছে। এ জন্য তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছেন।’
চুড়াইন ইউপির জাপার প্রার্থী আছমা আক্তার বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জলিল বেপারী পদে পদে আমার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আমি নবাবগঞ্জ থানায় জিডি করেছি।’