৮৭৪টি বিদ্যালয়ে প্রতিযোগিতা

দেশব্যাপী গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর স্কুল পর্যায়ের বাছাই প্রতিযোগিতা গতকাল বুধবার ১১৪টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্কুলগুলো হলো ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর এবি উচ্চবিদ্যালয়, শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট, গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, কুমিল্লা জিলা স্কুল ও এথনিকা ইংলিশ মিডিয়াম স্কুল, জামালপুরের নান্দিনা পাইলট উচ্চবিদ্যালয়।
গতকাল পর্যন্ত ১২তম দিনে ৬৪ জেলায় মোট ৮৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার সব কটি জেলার ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷
শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতা বাস্তবায়ন করছে প্রথম আলো বন্ধুসভা৷ গত ২৫ এপ্রিল এ প্রতিযোগিতা শুরু হয়। দেশের সব কটি জেলার দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা চলবে। এতে ছয় লাখের বেশি শিক্ষার্থীর অংশ নেবে। এ আয়োজনের সহযোগী সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

আই-জেনে প্রতিটি বিদ্যালয়ের অনুষ্ঠানের মূলত দুটি অংশ আছে৷ এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতেকলমে শিখতে পারছে৷ এ ছাড়া শিক্ষার্থীরা ইন্টারনেটকে কীভাবে পড়াশোনা ও জ্ঞানার্জনে আরও ভালোভাবে কাজে লাগাতে পারে, সে বিষয়ে কর্মশালা পরিচালনা করা হচ্ছে৷ পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ও প্রযুক্তিজ্ঞান নিয়ে আই-জেন প্রতিযোগিতা হচ্ছে। একটি সংক্ষিপ্ত মেধাযাচাই পরীক্ষার মাধ্যমে প্রতিটি বিদ্যালয় থেকে ১০ জনের একটি দল নির্বাচন করা হয়, যারা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে। ধাপে ধাপে প্রতিযোগিতার পর দেশসেরা দল ও বিদ্যালয়ের জন্য থাকবে বিদেশ ভ্রমণ, শিক্ষাবৃত্তি ও ডিজিটাল ক্লাসরুম স্থাপনের মতো আকর্ষণীয় পুরস্কার।