>বেহাল সড়ক—৩২
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

ঝালকাঠি পৌর এলাকায় সড়ক রয়েছে ৮৮ কিলোমিটার। এর মধ্যে ৫৬ কিলোমিটার দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
পৌরসভার প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেন, ১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ২০০৪-০৫ সালে এই পৌরসভার সড়কগুলোতে বড় ধরনের সংস্কার করা হয়।
সরেজমিনে দেখা যায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত সড়কটির অনেক জায়গায় পিচ উঠে গেছে। সড়কজুড়ে খানাখন্দ তৈরি হওয়ায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা। এটা শহরের প্রধান সড়ক। এই সড়কের পাশে ১০০ শয্যার সদর হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, জেলা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়সহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ কার্যালয় আছে।
ফায়ার সার্ভিস থেকে সাধনা মোড় পর্যন্ত সড়ক ছোট-বড় গর্তে ভরা। সেখানে পানি জমে আছে। তিন-চার মাস আগে এসব গর্তে খোয়া ফেলা হয়। এরপর থেকে এই সড়ক দিয়ে চলাফেরা করা মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
বাসস্ট্যান্ড এলাকার অটোরিকশাচালক আবদুর রহমান বলেন, আগে প্রতিদিন গাড়ির ভাড়া দেওয়ার পরও ৪০০-৫০০ টাকা রোজগার করতেন। এখন গাড়িভাড়াই ওঠে না। রাস্তাঘাট ভাঙাচোরা থাকায় লোকজন গাড়িতে উঠতে চান না।
শহরের রিকশাচালক লাল মিয়া বলেন, ‘রাস্তাঘাট ভাঙাচোরা অওনে মানুষ রিকশায় ওটতে চায় না। আর আমাগো তো কষ্টের কোনো শেষ নাই। ভাঙা রাস্তায় রিকশা চালাইতে যাইয়া পেরতেক দিন স্পোক ভাঙে।’
একই অবস্থা শহরের বাহের সড়ক, আড়তদারপট্টি, ডাকঘর সড়ক, পালবাড়ি সড়কের। ডাকঘর সড়কের ব্যবসায়ী মো. হাসান বলেন, শহরের প্রধান সড়কগুলোর একটিও চলাচলের উপযোগী নেই। আর সামান্য বৃষ্টি হলেও তো কথাই নেই। কাদাপানিতে একাকার হয়ে যায়।
এই এলাকার আরেক ব্যবসায়ী গোপাল কর্মকার বলেন, বৃষ্টি শুরু হলে এই সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়। তখন খুব জরুরি কোনো কাজ না থাকলে এই সড়কে মানুষ চলাচল করতে চায় না। রাস্তার পাশেই তাঁদের দোকান। বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে গাড়ি গেলে দোকানে পানি ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১০ জন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার সড়কগুলো সংস্কার করা হয় না। শুধু মাঝে মাঝে খোয়া ফেলা হয়। খোয়া ফেললে অবস্থার কোনো উন্নতি হয় না। বরং তাঁদের ভোগান্তি আরও বাড়ে।
ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘শহরের প্রায় সব সড়কের বেহাল অবস্থা। এসব সড়ক মেরামত করতে গেলে প্রায় ১৭৫ কোটি টাকা প্রয়োজন। অর্থাভাবে এসব সড়ক মেরামত করা যাচ্ছে না। তবে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো প্রকল্প (ইউজিআইআইপি) নামে একটি প্রকল্পে এসব সড়ক অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা হয়েছে। সেটি অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদিত হলে অন্তত শহরের মূল সড়কটি সংস্কারের জন্য প্রথম ধাপে আমরা ১৫-১৬ কোটি টাকা পাব। ওই অর্থ পেলে আমরা শিগগিরই এই সড়কের সংস্কারকাজ করাব।’