৮৮ কেজি ওজনের বাঘাইড় মাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় ধরা পড়েছে ৮৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: রাশেদুল হক
পদ্মায় ধরা পড়েছে ৮৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরিঘাট বরাবর পদ্মা ও যমুনার মিলনস্থলে আজ শুক্রবার সকালে ধরা পড়েছে ৮৮ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ। মাছটি পরে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়রা বলছেন, অনেক দিন পর এত বড় বাঘাইড় মাছ পদ্মায় ধরা পড়ল।

মৎস্য ব্যবসায়ী ও মাছের ক্রেতা মো. শাজাহান জানান, শুক্রবার ভোরে স্থানীয় জেলে নিমাই হালদার ও চার সহকর্মীকে সঙ্গে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেন। অনেক সময় পেরিয়ে গেলেও মাছ না পেয়ে তিনি অনেকটা হতাশ হয়ে পড়েন। সকাল পৌনে আটটার দিকে হঠাৎ তাঁদের জালে বড় রকমের ঝাঁকি দেয়, এতে তিনি অনেকটা আঁতকে ওঠেন। তবে সাহসের সঙ্গেই সবাই মিলে জাল টানতে থাকেন। নৌকার কাছাকাছি আসামাত্র মাছটি এমন জোরে ঝাঁকি দেয় যে নৌকাটি ডুবতে থাকে। এ সময় তাঁরা চিৎকার করতে থাকলে দ্রুত আরেকটি ট্রলার তাঁদের কাছে পৌঁছে। পরে জালসহ বিশাল বাঘাইড় মাছটি তাঁরা ওই নৌকায় তুলে তীরে ফিরে আসেন। পরে জেলে নিমাই হালদারের কাছ থেকে তিনি মাছটি কিনে নেন।
সংবাদ পেয়ে দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, তিন নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে মৎস্য ব্যবসায়ীরা মিলে বিশাল বাঘাইড় মাছটি কাটছেন। এ সময় মাছটি ঘিরে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। মৎস্য ব্যবসায়ী শাজাহান এ সময় জানান, তাঁর কাছ থেকে এই বিশাল মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় আরেক মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ।
নুরুল ইসলাম জানান, মাছটির ওজন ৮৮ কেজিরও ওপর। কিন্তু আমরা ৮৮ কেজির দাম দিয়েছি। প্রায় তিন বছর আগে এই পদ্মা থেকে ৮০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় পেয়েছিলাম। এরপর এত্ত বড় মাছ জালে এবারই ধরা পড়ল।