৮৮ শতাংশ আসামিই ধরাছোঁয়ার বাইরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর জীবন, বেঁচে থাকার অধিকার, পুনর্বাসন, মামলার দ্রুত নিষ্পত্তি, অপরাধীদের শাস্তি ও নিজেদের নিরাপত্তা চান অ্যাসিডদগ্ধ নারীরা। গত শনিবার বগুড়ায় অনুষ্ঠিত অ্যাসিড সারভাইভারস সম্মেলনে তাঁরা এসব দাবি তুলে ধরেন।
এদিকে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাসিড নিক্ষেপের মামলার ৮৮ শতাংশ আসামিই পুলিশের ধরাছোঁয়ার বাইরে।
বগুড়ার বেসরকারি সংস্থা লাইট হাউস ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ। তিনি বলেন, অ্যাসিডদগ্ধ জীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক। মামলা করায় ত্রুটি, তদন্তে গাফিলতি, চিকিৎসকদের দেওয়া দুর্বল প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের অভাবে বিচার বিলম্বিত হয়। অ্যাসিড নিক্ষেপের মতো অপরাধ করেও অনেক সময় প্রমাণের অভাবে অপরাধীর শাস্তি হয় না। এ ক্ষেত্রে বিচারকদের কোনো শৈথিল্য নেই। অপরাধ প্রমাণ করতে পারলে অপরাধীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনে শিবগঞ্জ উপজেলার তোজাম্মেল হক ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী অ্যাসিডদগ্ধ রোমানা আকতার বলেন, ‘বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তে গিয়ে সহপাঠী গাবতলী উপজেলার মিরপুর গ্রামের আলী হাসান ওরফে সোহাগের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। পরে তাঁর সঙ্গে বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর বুঝতে পারি ও (সোহাগ) মাদকসেবী। বিয়ের পর নানাভাবে নির্যাতন শুরু করে। বাবার বাড়ি থেকে যৌতুক আনতে চাপ দেয়। অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিয়ের দেড় বছরের মাথায় উপজেলার তেঘড়ি গ্রামে আমার বাবার বাড়ি পালিয়ে আসি। ছাড়াছাড়ি হওয়ার পর ২০০৯ সালের ১০ আগস্ট অ্যাসিড ছুড়ে মারে সোহাগ। মামলার পর বিচারের আশায় দিনের পর দিন আদালতে ঘুরেছি। অবশেষে তিন মাস আগে মামলার রায় পেলাম। অপরাধীর দণ্ড হলো। কিন্তু আজ পর্যন্ত আসামি ধরা পড়েনি। তাকে গ্রেপ্তার করতে পুলিশ আমার কাছে ঘুষ চায়। আর রায়ের পর থেকে ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিচ্ছে সোহাগ। বলছে, আমাকে মেরে ফেলে দিয়ে তারপর পুলিশে ধরা দেবে।’
সম্মেলনে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সারভাইভারস সাপোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপক মৌসুমী শারমিন বলেন, ‘২০০২ সালের পর থেকে গত ১৩ বছরে সারা দেশে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ২ হাজার ১৯টি। এসব মামলায় আসামির সংখ্যা ৫৪১৭। এর মধ্যে মাত্র ১২ শতাংশ আসামি গ্রেপ্তার হয়েছে। ৮৮ শতাংশ আসামিই পুলিশের ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ৮০১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। ৫৪০টি মামলার রায়ে খালাস পেয়েছেন ১ হাজার ৮০৯ জন। অন্যদিকে, ১৮৫টি মামলার রায়ে খালাস পেয়েছেন ৩২৫ জন।
জেলা অ্যাসিড সহিংসতা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদার রহমান বলেন, বিচারাধীন অ্যাসিডের মামলা দিনের পরদিন ঝুলে থাকে।
সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে সমাজ থেকে অ্যাসিড-সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে। রায়ের পরও আসামি গ্রেপ্তার না হওয়া এবং অ্যাসিডদগ্ধ কলেজ ছাত্রীর কাছ থেকে পুলিশের উল্টো উৎকোচ চাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্যাতিত ব্যক্তিদের কেউ হয়রানির মাধ্যমে আরেক দফা নির্যাতন করে থাকলে সেটা পুলিশের জন্য অত্যন্ত লজ্জাকর।