৮৯ জন বিএনসিসি ক্যাডেটকে বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের ৮৯ জন ক্যাডেট শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন পদোন্নতিপ্রাপ্ত অফিসারকে র‍্যাংক পরিধান করানো হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর পুরোনো বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর অফিসার্স মেসের ফ্যালকন হলে এক অনুষ্ঠানে এই র‍্যাংক প্রদান ও বৃত্তি দেওয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আমি খুশি হয়েছি যে তোমাদের প্রত্যেকের স্বপ্ন আছে বড় হওয়ার। তবে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে শুধু মুখে বললে হবে না। জীবনটা চ্যালেঞ্জ নেওয়ার জন্যই।’ তিনি বিএনসিসি ক্যাডেটদের ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে দায়িত্বশীল ও সাহসী হওয়ার আহ্বান জানান।

পদোন্নতিপ্রাপ্ত চারজন অফিসার হলেন ময়মনসিংহের মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শাহাব উদ্দীন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান লে. কর্নেল মো. মাহাবুবুর রহমান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষক মেজর সুলতান শরীফ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. নাসিরুদ্দিন।

গত বছর ভালো ফল করা ও শৃঙ্খলার জন্য ৮৯ জন ক্যাডেট শিক্ষার্থীর প্রত্যেককে সনদ, সম্মানী ও মেডেল দেওয়া হয়েছে। এঁদের মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট তিনজন, মাধ্যমিকে ২১ জন, উচ্চমাধ্যমিকে ৬০ জন ও স্নাতক পর্যায়ে পাঁচজন বৃত্তি পেয়েছেন।

বৃত্তি পাওয়া ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুমকী সিদ্দীকা চার বছর ধরে বিএনসিসির বিভিন্ন প্রশিক্ষণ, শিবির ও ড্রিলে অংশগ্রহণ করছেন। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি আত্মবিশ্বাস তৈরিতে ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বিএনসিসির কার্যক্রম থেকে অনেক কিছু শেখা যায়।

উচ্চমাধ্যমিক পর্যায়ে বৃত্তি পাওয়া মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ল্যান্স করপোরাল জায়েদ হাসান বলেন, ‘ক্যাডেট জীবন শৃঙ্খলার জীবন। মানসিকতার পরিবর্তন হয়, মন ভালো থাকে। ফলে পড়াশোনাও ভালো হয়।’

স্বেচ্ছাসেবী মানসিকতা লালন করতে পারলে দেশ ও জাতির জন্য আরও কাজ করা যায় বলে সমাপনী বক্তব্যে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস বলেন, ‘এ দেশের পূর্বসূরিরা ইতিহাস তৈরি করেছিলেন আর আমাদের পরিবর্তন তৈরিতে কাজ করতে হবে।’