৮৯ জনের হজযাত্রা অনিশ্চিত
হজ এজেন্সির সাব-এজেন্ট খুন হওয়ায় পাবনার ৮৯ জন হজযাত্রী বিপাকে পড়েছেন। তাঁদের জমা দেওয়া এক কোটি ১৭ লাখ টাকার কোনো হদিস না পাওয়ায় যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে হজযাত্রীদের। ভুক্তভোগী হজযাত্রীরা তাঁদের সমস্যা সমাধানের দাবিতে গতকাল বুধবার দুপুরে পাবনার আটঘরিয়া বাজারে মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। একই দাবিতে বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাঁরা মানববন্ধন করেন।এদিকে মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার টেবুনিয়া সিড গোডাউন এলাকা থেকে পুলিশ সাব-এজেন্ট আবদুল মজিদের (৩৮) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের ভাই আবদুস সালাম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। নিহতের পরিবার ও হজযাত্রীরা জানান, আবদুল মজিদের বাড়ি জেলার আটঘরিয়া উপজেলার কোমর শাহাপুর গ্রামে। তিনি উপজেলার বিএমকে উচ্চবিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি দ্য বরিশাল ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সিতে সাব-এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। এ কাজে তাঁর অংশীদার ছিলেন পাবনা শহরের মোটরসাইকেল ব্যবসায়ী রাজেম উদ্দিন। চলতি বছর তাঁরা দুজন মিলে জেলার বিভিন্ন এলাকার ৮৯ জন হজযাত্রীকে হজে পাঠানোর চুক্তি করেন। চুক্তি অনুযায়ী হজযাত্রীরা তাঁদের দুই কোটি ২৩ লাখ টাকা দেন। দ্য বরিশাল ট্রাভেল অ্যান্ড ট্যুরের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন, ‘দুই কোটি ২৩ লাখ টাকার মধ্যে আবদুল মজিদ আমাদের এক কোটি ছয় লাখ টাকা দেন। ১৮ অক্টোবর বিমান ও বাড়ি ভাড়া বাবদ বাকি এক কোটি ১৭ লাখ টাকা দেওয়ার শেষ দিন ছিল। এই টাকা জমা না হলে যাত্রীরা হজে যেতে পারবেন না। আবদুল মজিদের ভাই আবদুস সালাম জানান, দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের জন্য তাঁর ভাই গত সোমবার দুপুরে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত নয়টার দিকে তিনি ভাইয়ের মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এ সময় তাঁরা রাজেম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মজিদকে সন্ধ্যায় ঢাকার বাসে তুলে দেওয়া হয়েছে। কিন্তু পরদিন মঙ্গলবার সকালে তাঁর ভাইয়ের লাশ পাওয়া যায়। রাজেম উদ্দিন টাকা আত্মসাতের জন্য তাঁর ভাইকে খুন করেছেন বলে অভিযোগ করেছেন আবদুস সালাম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে খুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, টাকা আত্মসাতের জন্য কেউ তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রেখেছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় নিহতের ব্যবসায়িক অংশীদার রাজেম উদ্দিন, তাঁর সহযোগী হালিম ও গাড়িচালক পিন্টুকে আসামি করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে তাঁদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।