৩৪তম বিসিএসে উত্তীর্ণ ৮৯৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বুধবার বিকেলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘৩৪তম বিসিএসে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বা নন-ক্যাডারের প্রথম শ্রেণির পদে সুপারিশ করা যায়নি, এমন ৮৯৮ জনকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এটি দ্বিতীয় শ্রেণির পদ।’
পিএসসি সূত্র বলেছে, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৫০০ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। এ ছাড়া ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ৩৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হবে।
অতীতে ২৮তম থেকে ৩৩তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মধ্যে মোট ১৮ হাজার ৯০৬ জন নন-ক্যাডারের প্রথম বা দ্বিতীয় শ্রেণির পদেও চাকরি পাননি। তবে ৩৪তম বিসিএসের প্রায় আড়াই হাজার প্রার্থী নন-ক্যাডার পদে ইতিমধ্যে নিয়োগ পেতে যাচ্ছেন।