৯ আইনজীবীর পূর্ণাঙ্গ ঠিকানা চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবন ও এজলাসে ভাঙচুর এবং মামলার নথি তছনছের ঘটনায় নয়জন আইনজীবীকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। গত বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে চিঠিটি এসে পৌঁছায়। তবে চিঠিতে নয়জন আইজীবীর নাম থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা নেই। এ জন্য তাঁদের পূর্ণাঙ্গ ঠিকানা জানানোর অনুরোধ করে গতকাল বৃহস্পতিবার সমিতি থেকে আরেকটি চিঠি বার কাউন্সিলে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ভাঙচুরের ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম আদালতের নয়জন আইনজীবীকে শোকজ করে বাংলাদেশ বার কাউন্সিল থেকে গত বুধবার একটি চিঠি সমিতির কাছে পাঠানো হয়। তাঁরা হলেন জান্নাতুল ফেরদৌস, চন্দন বিশ্বাস, শাকিল, আউয়াল খান, টি আর খান, প্রদীপ দাশ, শিবলী, মাসুদ পারভেজ ও মোস্তাফিজুর রহমান। কিন্তু তাঁদের কারও লিন নম্বর (ল ইয়ার আইডেন্টিফিকেশন নম্বর), পিতার নাম ও ঠিকানা চিঠিতে উল্লেখ নেই। এক নামে চট্টগ্রাম আদালতে একাধিক আইনজীবী রয়েছেন। এ জন্য নয়জন আইনজীবীকে শনাক্ত করা যায়নি। তাই পূর্ণাঙ্গ ঠিকানা পাঠানোর অনুরোধ করে গতকাল বিকেলে ডাকযোগে বার কাউন্সিল বরাবর চিঠি পাঠানো হয়েছে।
গত ১৮ জানুয়ারি বিকেলে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলায় আইনজীবী জামাল হোসেন ও তাঁর স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাসে ভাঙচুর করেন। এ সময় মামলার নথি তছনছ এবং বিচারকের খাসকামরার বাইরের জানালার কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় আদালত জামিন মঞ্জুর করলে আইনজীবীরা সরে যান।
এ ঘটনার পরদিন প্রধান বিচারপতির নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ভাঙচুরের ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট থেকে বাংলাদেশ বার কাউন্সিলকে চিঠি দেওয়া হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিও ঘটনার তদন্ত করছে। মানব পাচারের ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আক্তার বানু গত ২৭ জানুয়ারি আইনজীবী জামাল হোসেনকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।