কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩৯৪ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৪১ জন, সদস্য পদে ২৬৭ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়টি ইউপির মধ্যে ধনপুর ও মৃগা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নেই। এই নয় ইউনিয়নে দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ নয়টি ইউনিয়নেই এবং বিএনপি সাতটি ও জাতীয় পার্টি দুটি ইউনিয়নে প্রার্থী দিয়েছে। ২৩ জন স্বতন্ত্র হিসেবে লড়ছেন; যাঁদের মধ্যে ১৮ জনই আওয়ামী লীগের বিদ্রোহী। মৃগা ইউনিয়নে চারজন, এলংজুরীতে চারজন, বাদলায় তিনজন, বড়িবাড়িতে দুজন, রায়টুটিতে দুজন, চৌগাঙ্গা, ধনপুর ও ইটনা সদর ইউনিয়নে একজন করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। বিদ্রোহী প্রার্থীদের চাপে দিশেহারা এসব ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীরা।
অন্যদিকে এলংজুরী, চৌগাঙ্গা ও রায়টুটিতে বিএনপির চার বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইটনা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের ওমর ফারুক, বিএনপির নূরুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান। এলংজুরীতে আওয়ামী লীগের আবদুল কুদ্দুস, দলের চার বিদ্রোহী প্রার্থী আরশাদ উদ্দিন, আবদুল কাদির, আবদুল হাই ও গোলাপ মিয়া। বিএনপির হারিছ উদ্দিন আকন্দ। বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী ছোয়াব মিয়া ও নূরে আলম লিটন লড়ছেন। রায়টুটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ফয়ছুল কবীর মনোয়ার হোসেন মিল্কি, বিএনপির ইসহাক উদ্দিন, জাতীয় পার্টির সাফায়াত মাহমুদ সাখাওয়াত, আওয়ামী লীগের দুই বিদ্রোহী মোহাম্মদ এনামুল হক খান মিল্কি ও ছলিম উদ্দিন ভূঁইয়া এবং বিএনপির বিদ্রোহী শেখ মো. মিজানুর রহমান মজনু।
বাদলায় লড়ছেন আওয়ামী লীগের গণি ভূঞা, বিএনপির আবুল কালাম মোল্লা, জাতীয় পার্টির হিরণ আক্তার এবং আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী মামুন চৌধুরী, আদিলুজ্জামান ভূঞা ও শফিকুল ইসলাম। মৃগা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মিজানুর রহমান ভুট্টো, দলের চার বিদ্রোহী দারুল ইসলাম, কামরুল হাসান দুলাল, আবদুল করিম ও ফরিদ উদ্দিন আহমেদ। ধনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রদীপ কুমার দাস ও দলের বিদ্রোহী হরনাথ দাস লড়ছেন। বড়িবাড়ি ইউনিয়নের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নাজমুল আলম ধন মিয়া, বিএনপির হারিছ উদ্দিন এবং আওয়ামী লীগের দুই বিদ্রোহী আবদুছ ছাত্তার ও আবদুর রউফ ভূঞা। চৌগাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবদুল হাফিজ, বিএনপির আবদুল আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছাইফুল ইসলাম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুর রহমান। জয়সিদ্ধি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. নূরু মিয়া, বিএনপির মনির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আশাবুর রহমান।