৯ ইতালীয়র অধিকাংশই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ইতালির নাগরিক নয়জন। তাঁদের প্রায় সবাই তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের ছবি ইতালির লা রেপুবলিকা ও তথ্য কোরিয়ের পত্রিকার অনলাইন থেকে নেওয়া হেয়ছে
নাদিয়া বেনেদিত্তি
নাদিয়া বেনেদিত্তি

নাদিয়া বেনেদিত্তি, ৫২
স্টুডিও টেক্স লিমিটেড নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এই নারী বাংলাদেশে এর শাখা অফিসে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। তিনি বাংলাদেশ ছাড়াও ইতালি, কেনিয়া ও অন্যান্য দেশে কাজ করেছেন।

ক্লাউদিয় কাপেল্লি
ক্লাউদিয় কাপেল্লি

ক্লাউদিয় কাপেল্লি, ৪৫
ইতালির মনজা শহরের ভেদানো এল ল্যামব্রো এলাকার বাসিন্দা। বাংলাদেশের একটি পোশাক কারখানায় পাঁচ বছর ধরে কাজ করছিলেন। পরিচিত ব্যক্তিরা জানান, কাপেল্লি তাঁর কাজ উপভোগ করছিলেন এবং বাংলাদেশ সম্পর্কে ছিল ইতিবাচক ধারণা।

ভিনচেনসো দালেস্ত্রো
ভিনচেনসো দালেস্ত্রো

ভিনচেনসো দালেস্ত্রো, ৪৬
তিনি ইতালির ক্যাসেরতা শহরের পাইদিমন্তে মাতেসি এলাকায় বাস করতেন। গত অক্টোবরে সেখান থেকে নেপলসে চলে যান। জন্মস্থান সুইজারল্যান্ডের ওয়েটজিকন শহরে। ১৯৯৩ সালে ইতালির গাউদিয়ো শহরের মেয়ে মারিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ক্লাউদিয়া মারিয়া দান্তোনা
ক্লাউদিয়া মারিয়া দান্তোনা

ক্লাউদিয়া মারিয়া দান্তোনা, ৫৬
ইতালির তৈরি পোশাক প্রতিষ্ঠান ফেডো ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এই নারী বাংলাদেশে এর শাখা অফিসে কাজ করছিলেন। তিনি স্বামী জিয়ান গ্যালেজ্জো বচেত্তির সঙ্গে বাংলাদেশে ২০ বছরের বেশি সময় ধরে বাস করছিলেন। বচেত্তি একমাত্র ইতালীয় নাগরিক, যিনি গুলশান হামলায় বেঁচে গেছেন। ক্লাউদিয়া তুরিন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নিরাপত্তা, দারিদ্র্য ও পরিবেশগত চ্যালেঞ্জ নিয়ে কাজ করা সংগঠন গ্রিন ক্রসের স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করছিলেন তিনি।

আদেলে পুলিজি
আদেলে পুলিজি

আদেলে পুলিজি, ৫০
গত শনিবার নিজের দেশ ইতালিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন এই নারী। বাংলাদেশে তৈরি পোশাক কারখানা আর্টসানায় মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপকের কাজ করছিলেন।

মার্কো তোন্দাৎ
মার্কো তোন্দাৎ

মার্কো তোন্দাৎ, বয়স জানা যায়নি
ছয় বছর বয়সী মেয়ের বাবা তিনি। ইতালির কর্দোভাদো এলাকার পোশাক ব্যবসায়ী এই তরুণ স্টুডিও টেক্স লিমিটেডে কাজ করতেন।

সিমোনা মন্তি
সিমোনা মন্তি

সিমোনা মন্তি, ৩৩
ইতালির রাজধানী রোমের কাছাকাছি শহর ম্যাগলিয়ানো সবিনোতে বসবাস করতেন তিনি। বাংলাদেশে দীর্ঘ ছুটি কাটিয়ে স্বদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। নিহত হওয়ার আগে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সিমোনার মৃত্যুর প্রতিক্রিয়ায় তাঁর ভাই আশা প্রকাশ করেছেন, বোনের এই জীবনদানের ঘটনা বিশ্বে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখবে।

ক্রিস্তিয়ান রসি
ক্রিস্তিয়ান রসি

ক্রিস্তিয়ান রসি, ৪৭
ফেলেত্তো আমবার্তো (ইউদিন) নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন তিনি। তিন বছর বয়সী যমজ কন্যাসন্তানের বাবা ছিলেন। আগামী বৃহস্পতিবার দেশে ফেরার ইচ্ছা ছিল তাঁর। ফাইবার্স লিমিটেড নামের একটি পরামর্শক ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীও ছিলেন। বাংলাদেশ ও চীনে তাঁর প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছিল।

মারিয়া রিবোলি
মারিয়া রিবোলি

মারিয়া রিবোলি, ৩৩
ইতালির সোলজা এলাকার বাসিন্দা এই নারী। তাঁর স্বামী ও তিন বছর বয়সী মেয়ে আছে। মারিয়া ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন। কাজ করতেন তৈরি পোশাক খাতে। বাংলাদেশে কয়েক মাস ধরে অবস্থান করছিলেন।