৯ এপ্রিল যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়।

গতকাল রাষ্ট্রপক্ষের ২৪তম ও শেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা সত্যরঞ্জন রায় জবানবন্দি শেষ করেন। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। জাহিদ হোসেন পলাতক থাকায় তাঁর পক্ষে কোনো সাক্ষী (সাফাই সাক্ষী) নেই। এ অবস্থায় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। ফলে মুক্তিযুদ্ধকালে ফরিদপুরে ‘খোকন রাজাকার’ নামে বেশি পরিচিত জাহিদ হোসেনের মামলাটির বিচার কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছাল।

আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে (ইন অ্যাবসেনশিয়া ট্রায়াল) এটি ট্রাইব্যুনালের তৃতীয় মামলা।