৯ কর্মীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মধ্যরাতে ফেনসিডিলসহ আটক দুজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সুজেল আহমদ তালুকদারসহ নয়জনের জামিন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক মো. সাইফুজ্জামান হিরো তাঁদের জামিন মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তবে এ ঘটনায় ফেনসিডিলসহ আটক দুই তরুণের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি রাতে নগরের কুমারপাড়ায় ৪৩ বোতল ফেনসিডিল প্রাইভেট কারে করে পরিবহনের সময় সংগীতশিল্পী ইমন দাস ও তাঁর সঙ্গে থাকা তাহমিদ নামের এক তরুণকে আটক করে টহল পুলিশ। আটক দুজনের ফোন পেয়ে সেখানে ছাত্রলীগ নেতা সুজেলসহ নয়জন নেতা-কর্মী জড়ো হন। তাঁরা দুজনকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লে ১১ জনকেই আটক করে পুলিশ।