কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নয়জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টায় এজাহার পাওয়ার পরই মামলাটি তালিকাভুক্ত করা হয়।
গত মঙ্গলবার দুদকের কমিশন সভায় এই মামলার অনুমোদন দেওয়া হয়। এই নয় চিকিৎসক হলেন হাসপাতালের উপপরিচালক (স্বাস্থ্য) কাজী শফিকুল, সহকারী পরিচালক (হাসপাতাল) খোরশেদ শিরীন, মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মোমেন সরকার, গাইনি বহির্বিভাগের আবাসিক সার্জন কামরুন নেসা বেগম, শিশু বহির্বিভাগের আবাসিক সার্জন মো. গিয়াস উদ্দিন, রেডিওথেরাপি বহির্বিভাগের আবাসিক সার্জন মো. আলী আসগর চৌধুরী, সিনিয়র স্টোর অফিসার শেখ মোহাম্মদ জামাল মোস্তফা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার দেবাশীষ দত্ত ও মেডিকেল অফিসার (স্টোর) নাজমুল আখতার। তাঁরা সবাই নিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন।
দুদকের সূত্র বলেছে, ২০১১ সালের ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাসপাতালটিতে তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে লোকবল নিয়োগের ঘোষণা দিয়ে নিয়োগ মূল্যায়ন কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটির সদস্যদের যোগসাজশে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।