কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হলে সংঘটিত দুটি ঘটনার সঙ্গে জড়িত নয় ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সঙ্গে কমিটি হলের পরিবেশ ফিরিয়ে আনার জন্য নয়টি সুপারিশ করেছে। গতকাল রোববার বিকেলে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ তাঁর দপ্তরে প্রথম আলোকে ওই তথ্য জানিয়েছেন।
কলেজ সূত্রে জানা গেছে, গত ৬ ও ১৭ অক্টোবর কবি নজরুল হলের শিক্ষার্থীদের সঙ্গে ধর্মপুর এলাকার কতিপয় বহিরাগত ব্যক্তির সংঘর্ষ হয়। এতে তিন শিক্ষার্থী ও এক ব্যাংক কর্মকর্তা আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ করে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গতকালই তদন্ত কমিটির প্রতিবেদন অধ্যক্ষের কাছে দেওয়া হয়। কমিটি ওই ঘটনার সঙ্গে জড়িত নয়জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। তাঁরা হলেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন, ব্যবস্থাপনা স্নাতকোত্তর শ্রেণির সাইফুল ইসলাম, গণিত চতুর্থ বর্ষের মো. সাইফুল ইসলাম, কামরুল হাসান ওরফে ছোট হাসান, শরীফুল ইসলাম, মো. আবদুল আজিজ, গণিত স্নাতকোত্তর শ্রেণির শাহ ইমরান জুয়েল, অর্থনীতি স্নাতকোত্তর শ্রেণির ইমদাদুল হক ওরফে বাপ্পী ও হিসাববিজ্ঞান স্নাতকোত্তর শ্রেণির আবু নাসের ওরফে অপু।
তদন্ত কমিটি হলের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নয়টি সুপারিশ করে। এগুলো হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, এলাকাবাসী ও হলের শিক্ষার্থীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি, হলে নজরদারি বাড়ানো, রাজনৈতিক অপশক্তির সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ বন্ধ রাখা, হলের পরিবেশ ঠিক রাখার জন্য নিয়মিত বৈঠক, হলের শৃঙ্খলা ভঙ্গকারী ছাত্রদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, হলের ফটক সংস্কার, সন্ধ্যায় নিয়মিত হলের সামনের সড়কে পুলিশি টহল জোরদার এবং প্রকৃত দোষী ছাত্রদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক ব্যবস্থা নেওয়া।
তদন্ত কমিটির সদস্য ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুজিবুর রহমান বলেন, ‘অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা প্রতিবেদন জমা দিয়েছি। সেখানে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।’
কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ বলেন, ‘প্রতিবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ মহোদয়ের সঙ্গে কথা বলেছি। শিগগিরই হল খুলে দেওয়া হবে।’