৯ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শিয়া সম্প্রদায়ের মসজিদে হামলা মামলায় নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আসামিদের মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা জেএমবি ও ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য ও প্রশিক্ষিত ক্যাডার।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গত ১৮ জানুয়ারি বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ এই অভিযোগপত্র দাখিল করেন। ওই আদালতের বিচারক মো. কামরুজ্জামান গত রোববার তা গ্রহণ করেন। আগামী ৮ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদরের সোঠাহার গ্রামের ইয়াছিন আলী; বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল গ্রামের এমদাদুল হক, আবদুল বাছেদ, আবদুল হামিদ ওরফে হামিদুল; শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আবদুল মমিন মণ্ডল, ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের রাজিবুল ইসলাম ওরফে বাদল; গাবতলী উপজেলার গোরদহ সরকারপাড়ার খাদেমুল ইসলাম ওরফে বাদশা, আজাদ প্রামাণিক ও গাইবান্ধা সদরের তিনদহ পশ্চিমপাড়ার আজাদুল কবিরাজ ওরফে বিপ্লব। তাঁদের মধ্যে শেষ পাঁচজন পলাতক আছেন।
সংশ্লিষ্টতা না পাওয়ায় মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে পাঁচজনকে। তাঁরা হলেন আনোয়ার হোসেন ওরফে আর্মি আনোয়ার, শামসুল আলম, জুয়েল, শরিফুল ইসলাম ওরফে ডেনিস ও মোবাশ্বের আলম খন্দকার ওরফে প্রিন্স।
অভিযোগপত্রে বলা হয়, হামলা ও পরিকল্পনায় ১৩ জন যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে হামলায় সরাসরি অংশ নেওয়া পাঁচজনের চারজনই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিরা শিয়া মসজিদে হামলা ও ইমাম-মুয়াজ্জিনকে হত্যার জন্য প্রথমে মহাস্থানগড় জাদুঘরের সামনে গোবিন্দভিটায় বসে পরিকল্পনা করেন।
২০১৫ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানুপুর গ্রামে শিয়া মসজিদে ঢুকে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি করে। এতে ইমাম, মুয়াজ্জিনসহ চারজন গুলিবিদ্ধ হন। মুয়াজ্জিন মোয়াজ্জম হোসেন (৫৮) পরে মারা যান। এ ঘটনায় ওই রাতেই শিবগঞ্জ থানায় মামলা হয়।
তখন সারা দেশে সংঘটিত এ ধরনের অন্যান্য হামলার মতো এ ঘটনারও দায় স্বীকার করে সিরিয়া-ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। যদিও সরকার তা নাকচ করে দেয়। পরে পুলিশ বলেছিল, এসব ঘটনায় নব্য জেএমবি জড়িত।