৯ জনের যাবজ্জীবন
ডাকাতি করার সময় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করার দায়ে চট্টগ্রামে নয়জন ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এই রায় দেন। সাজা পাওয়া আসামিরা হলো: আবু তাহের, সরওয়ার উদ্দিন, আলী হোসেন, আব্বাস হায়দার, আবুল হাশেম, মো. জহির, উমর আলী, আবদুল হাকিম ও জসীম উদ্দিন ওরফে রুমন। সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় নয়জন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামিদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে।২০০৭ সালের ২০ মে রাউজান উপজেলার ডোমখালী গ্রামের মুনশী বাড়িতে আবদুর রহিমের ঘরে লোহার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতেরা। ঘটনার সময় তারা ওই পরিবারের সদস্যদের মারধর করে এবং আবদুর রহিমের বাবা সৈয়দুল হককে (৬০) কুপিয়ে হত্যা করে।