৯ জুন থেকে যশোরে পরিবহন চলাচল বন্ধ করার ঘোষণা
যশোর-বেনাপোল ও যশোর-নাভারণ-বাগআঁচড়া সড়কে ইঞ্জিনচালিত অবৈধ নছিমন, করিমন, থ্রি-হুইলার, টেগার ও টেম্পো চলাচল বন্ধ করা না হলে ৯ জুন থেকে বাস, মিনিবাস, ট্রাক, ট্রাংকলরি, পিকআপ, মাইক্রোবাসসহ ভাড়ায় চালিত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি ইকরামুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রোববার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যশোর অঞ্চলের, বিশেষ করে যশোর-বেনাপোল ও যশোর-নাভারণ-সাতক্ষীরাসহ অন্যান্য লাইনের গাড়িতে মাদকসহ অবৈধ মালামাল বহন করা হচ্ছে। এতে গাড়িসহ মালিককে নানাবিদ হয়রানির শিকার হতে হচ্ছে। এর পর থেকে যদি কোনো গাড়িতে এ ধরনের অবৈধ মালামাল বহন করা হয়, তাহলে সেই গাড়ি সমিতিতে চলাচল বন্ধ করে দেওয়া হবে। এমনকি সদস্যপদ বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।